ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) বর্তমান সরকারের 'ক্রীড়নক' অভিহিত করে তাদের প্রতি দলের অনাস্থার কথা পুর্নব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার বিকেলে নয়াপল্টনে সাংবাদিকদের তিনি বলেন, "এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়নক ছিল, এখন এই সরকারের ক্রীড়নক হিসেবেও কাজ করছে।
"তাদের প্রতি বিএনপি ও জনগণের কোনো আস্থা নেই। এই কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে না বিএনপি মনে করে। তারা নিরপেক্ষতা হারিয়েছে।''
তবে সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে তার দল অংশ নেবে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে আমরা বিচার-বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত নেব।
দেলোয়ার নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মামলা-হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে সরকারকে এ রকম তৎপরতা থেকে বিরত থাকারও আহবান জানান।
সংসদে উত্থাপিত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, "বিশেষ নিরাপত্তার এ রকম আইন বিশ্বের কোথাও নেই। যে সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, তারা নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত রয়েছে।''
সংবাদ ব্রিফিঙের শুরুতে গত ২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদের নেতৃত্বে পুলিশের ছত্রছায়ায় নাওড়া গ্রামে শতাধিক পরিবারকে গ্রামছাড়া ও তাদের বাড়িঘর লুটপাটের ঘটনার চিত্র তুলে ধরেন কাজী মনিরুজ্জামান।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন বিএনপি মহাসচিব।
বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন বেড়েছে অভিযোগ করে তিনি বলেন, "এ রকম নির্যাতন কেবল নারায়ণগঞ্জে নয়, সারা দেশেই সরকারি দল বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। বিচারবর্হিভূত হত্যাকাণ্ডও বেড়েছে। টেন্ডারবাজি-জরবদখল চলছে সমানতালে।
"স্থানীয় সরকার মন্ত্রীও সংসদে স্বীকার করেছেন কিভাবে ঢাকার জলাশয় জবরদখল করছে।"
দেশের স্বার্থ বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানিয়ে দেলোয়ার বলেন, "আমি সরকারকে আহবান জানাব, গণতন্ত্র ধ্বংস করার পথ পরিহার করুন।''
আওয়ামী লীগ 'ছলনা ও চাতুরি' করে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, " তারা এখন সরকারে গিয়ে নির্বাচনী ওয়াদাও ভুলে গেছে। সরকারের বেআইনি কাজ চলতে থাকলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।''
এ সময়ে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, শাহ নুরুল কবির শাহীন, নারায়ণগঞ্জের জেলা নেতা কাজী মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৮০৮ ঘ.
bdnews24