ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিতর্কিত মন্তব্য করে ঝড় তোলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল।
মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে রাত ৯টার দিকে ঢাকায় নামেন আব্দুল জলিল।
পরিবারের সদস্যদের নিয়ে তিনি সরাসরি গুলশানের বাসায় চলে যান।
বিমানবন্দরের একজন কর্মকর্তা তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসে আব্দুল জলিল চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। লন্ডনে গণমাধ্যমের কাছে সাক্ষাতকারে ২৯ ডিসেম্বরের নির্বাচন ও তার দল সম্পর্কে জলিল বিতর্কিত মন্তব্য করলে এ নিয়ে দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
মঙ্গলবারই জাতীয় সংসদে চিফ হুইপের প্রস্তাবের পর আব্দুল জলিলকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে।
জলিলের বিতর্কিত মন্তব্যের জেরে দলের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাকে 'মানসিক ভারসাম্যহীন' বলে আখ্যায়িত করেন। পরে অবশ্য বর্ষীয়ান এ নেতা বলেন, দল ও সভানেত্রী শেখ হাসিনার প্রতি তার আস্থা রয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআই এর নির্যাতনের ক্ষোভ থেকেই তিনি ওই ধরণের মন্তব্য করেছেন। তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন জলিল।
জলিলের তোলা বিভিন্ন অভিযোগের একটি ছিল আওয়ামী লীগ একটি 'সমঝোতার' মাধ্যমে ক্ষমতায় এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/কেআরসি/এসকে/২১৫৩ঘ.
bdnews24