ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়েল এস্টেট ব্যবসায়ীরা অবৈধ স্থাপনা তুলে রাজধানীকে বসবাসের অযোগ্য করে তুলেছে মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জলাশয় দখলদারদের স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষতিপূরণ দিতে হবে।
এসব ব্যবসায়ীদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, "যারা এভাবে জায়গা দখল করে হাউজিং এস্টেট করছে তাদের বিরুদ্ধে আইনি মোকাবেলাও অসম্ভব। লোকমুখে শোনা যায়, তাদের হাত এতো লম্বা যে তা হাইকোর্ট পর্যন্ত পৌছায়।"
মঙ্গলবার জাতীয় সংসদে কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
গোলাম দস্তগীর গাজীর আরেক সম্পূরক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, "ডেভেলপাররা অবৈধভাবে জমি দখল করছে। বারিধারা থেকে ভুলতা পর্যন্ত পুরো এলাকা হাউজিং এস্টেটের নামে দখল করা হয়েছে। এভাবে চলতে থাকলে ঢাকার মানুষের জন্য যে কী বিপর্যয় নেমে আসবে, তা না দেখলে বোঝা যাবে না।"
ঢাকার পানি নিষ্কাশন ও পানি আসার পথ এই হাউজিং প্রজেক্টের নামে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সৈয়দ আশরাফ আরো বলেন, "যেখানে ২০ ফুট পানি রয়েছে, সেখানেও হাউজিং সোসাইটির সাইন বোর্ড লাগিয়ে রাখা হয়েছে। আমি নিজের চোখে এটা দেখে এসেছি। এই ডেভেলপাররা হাজার হাজার কোটি টাকার মালিক। তারা অনেক ক্ষমতাধর। তাদের অনেক দাপট।"
এরআগে এ কে এম রহমতুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে আশরাফ আরো জানান, ঢাকার সুপেয় পানির স্থায়ী সমাধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এজন্য ব্যাপক পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আশরাফ বলেন, "সরকার নদী থেকে পানি এনে সরবরাহের উদ্যোগ নিচ্ছে। এজন্য বেশকিছু নতুন পানি শোধনাগার করা হচ্ছে। যে শোধনাগারটি আছে সেটির ক্ষমতাও দ্বিগুণ করা হচ্ছে।"
তিনি জানান, ঢাকার আশেপাশেসহ শীতলক্ষ্যার পানিও যেভাবে দূষিত হয়েছে যে আর শোধন করা সম্ভব নয়। এজন্য মেঘনা থেকে পানি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রহমতুল্লাহর প্রশ্নের জবাবে আশরাফ আরো বলেন, অবৈধভাবে পানির লাইনের সংযোগ, পানির লাইনে লিকেজ এবং অন্যান্য কারণে ঢাকা ওয়াসার সিস্টেম লস ৩৫ শতাংশ। ঢাকা ওয়াসার দৈনিক ২১০ কোটি লিটার পানি চাহিদার বিপরীতে পানির সরবরাহ দৈনিক ১৯৫ কোটি লিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এমএইচসি/এএল/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24