মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আর একটি ওয়ার্ডে হতে পারে ইলেকট্রনিং ভোটিং।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্যুনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক এসএম লুৎফুল কবির সকালে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার পদ্ধতি ইসি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।
এর পর ইসি সচিবালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইলেট্রনিক ভোটিং চালুর চিন্তা-ভাবনা করছি।"
তিনি বলেন, "পরীক্ষামূলকভাবে চালু করে দেখব। এতে সফলতা পেলে পরবর্তীতে কোনও নির্বাচনে তা ব্যবহারের চিন্তা- ভাবনা করা হবে।"
সিইসি বলেন, "ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আরও অনেক দেখার বিষয় রয়েছে। মানুষের আস্থা তৈরি করতে হবে সবার আগে। নতুন এ প্রযুক্তির সঙ্গে পরিচিতি হতে সময়ও লাগবে। ভারতে ই-ভোটিং প্রচলনেই সময় লাগছে ২০ বছর।"
মেয়াদোত্তীর্ণ ডিসিসি নির্বাচন কবে হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, আগামী জানুয়ারির শেষ দিকে এ নির্বাচন করতে চাচ্ছেন তারা। তবে তা ফেব্র"য়ারির শুরুতেও যেতে পারে।
২০০৭ সালের মে মাসে ডিসিসির বর্তমান ক্ষমতাসীন জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়।
সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন পাস হয়।
সিইসি জানান, আইন পাসের পর বিভিন্ন বিধিমালা প্রণয়ন করে ডিসিসি নির্বাচনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিবেশি কয়েকটি রাষ্ট্রে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশেও কয়েকটি সংগঠন নিজেদের নেতা নির্বাচনে এ পদ্ধতি চালু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদ্যোগ নিলে দশম সংসদ নির্বাচনেই ই- ভোটিং চালু করা সম্ভব হবে।
ইসি মনে করছে, বর্তমান পদ্ধতিতে ব্যালট পেপার, ব্যলট বাক্স ব্যবহারে অনেক অর্থ খরচ হয়। নির্বাচন পরবর্তী সময়ে ব্যালট পেপার ও বাক্স ব্যবহার নিয়ে কারচুপিসহ নানা ধরনের অভিযোগের সুযোগও থেকে যায়। ই ভোটিং চালু হলে এ সব সমস্যার সমাধান হবে।
ইভিএমের বিষয়ে অধ্যাপক লুৎফুল কবির জানান, এর মাধ্যমে সাশ্রয়ের পাশাপাশি ভোটগ্রহণে স্বচ্ছতা, ভোটের ফলাফল নির্ভুল ও দ্রুত পাওয়া যাবে।
তিনি বলেন, একই মেশিন পরবর্তী নির্বাচনেও ব্যবহার করা যাবে। এ মেশিনে থাকবে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ডিসপ্লে ইউনিট ও ব্যাটারি ইউনিট। প্রতিটি ভোট দিতে গড়ে এক মিনিট সময় ব্যয় হবে। প্রায় ৪০০ ভোটারের জন্য একটি মেশিন ব্যবহার করা যাবে। ১৬ প্রার্থীর ব্যালট হিসাবে প্রতিটি মেশিন তৈরিতে খরচ পড়বে ৭ হাজার ৮০০ টাকা। ১৬-এর চেয়ে বেশি প্রার্থী হলে আলাদা ব্যালট ইউনিটের জন্য ২ হাজার ৫০০ টাকা বেশি খরচ হবে।
২০০৭ সালে আইআইসিটি ইভিএম উদ্ভাবন করে। এরপর ঢাকা অফিসার্স ক্লাবের একটি নির্বাচন পরিচালনাও করা হয়।
সারাদেশে বর্তমানে ৮ কোটিরও বেশি ভোটারের জন্য ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোট কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একটি মেশিন রাখা হলে প্রায় ২ লাখ ভোটিং মেশিন প্রয়োজন হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।
লুৎফুল কবির এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ই-ভোটিংয়ের পদ্ধতি (ফার্মওয়্যার ও হার্ডওয়্যার) দেশেই তৈরি হচ্ছে। বিদেশি প্রযুক্তি ব্যবহারে ঝুঁকি থাকতে পারে। প্রায় ১৫০ কোটি ব্যয়ে এ পদ্ধতি সবখানে পৌঁছে দেয়া যাবে।
তবে ই-ভোটিং পদ্ধতি চালুর আগে স্বদেশি না বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩২০ ঘ.
bdnews24