ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা প্রধান মইন উ আহমেদের দাখিল করা ওকালতনামা বৃহস্পতিবার চ্যালেঞ্জ করেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর বিরুদ্ধে মইনের লিখিত বক্তব্য (আপত্তি) দাখিলের জন্য আগামী ২০ অক্টোবর তারিখ ধার্য করেছে আদালত।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর দায়ের করা মানহানির মামলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ৫ আগস্ট অবসরপ্রাপ্ত জেনারেল মইনের স্বাক্ষর দেখানো একটি ওকালতনামা তার আইনজীবীরা আদালতে দাখিল করেন। পরে মামলার আরজি খারিজেরও আবেদন করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ওই মামলায় টুকুর আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ মইনের ওকালতনামাকে অকার্যকর ও অগ্রহণযোগ্য অভিহিত করে আবেদন করেন।
আইনজীবীর মাধ্যমে দাখিল করা ওই ওকালতনামায় মইনের স্বাক্ষর অনিয়মের মাধ্যমে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কারণ, মইন তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এরওপর মামলায় পাঠানো সমনও মইন নিজে গ্রহণ করেননি বলে টুকুর আইনজীবি তার আবেদনে উল্লেখ করেন।
এ আবেদনের বিরুদ্ধে মইনের আইনজীবীরা লিখিত বক্তব্য (আপত্তি) দাখিলের জন্য সময় চাইলে বিচারক এস এম সাইফুল ইসলাম আগামী ২০ অক্টোবর ওই আপত্তি দাখিলের তারিখ নির্ধারণ করেন।
বৃহস্পতিবার আদালতে মইনের পক্ষে কামরুল ইসলাম সিদ্দিকী, সাইফুল ইসলাম হেলাল প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। টুকুর পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
মামলায় আপত্তি বা জবাব দাখিলের নির্ধারিত দিন গত ১৩ সেপ্টেম্বর তা দাখিল করেননি মইন।
বরং ওইদিন আপত্তি বা জবাব দাখিলের জন্য সময় চেয়ে মইনের আইনজীবীদের আবেদনে ১ অক্টোবর (বৃহস্পতিবার) মামলার পরবর্তী দিন ধার্য করে আদালত।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৭ মার্চ এক অনুষ্ঠানে বাদী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইঙ্গিত করে মইন বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে।
মইনের ওই বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে একশ' কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের জন্য টুকু গত ১২ জুলাই মামলাটি দায়ের করেন।
গত ১৫ জুন অবসরে যান মইন উ আহমেদ। ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি। তত্ত্বাবধায়ক সরকার মইনের দায়িত্বের মেয়াদ এক বছর বাড়ায়। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনে তার বড় ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসএইচ/১৭১৮ ঘ.
bdnews24