চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের সিসিটিতে দরপত্রে অনিয়মের অভিযোগ তদন্তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মতিনসহ মোট ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বন্দরের ২১টি নথি জব্দ করা হয়েছে।
কমিশনের তদন্ত দল বৃহস্পতিবার চট্টগ্রামে তদন্তের কাজ প্রাথমিকভাবে শেষ করেছে। শেষ দিন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত দলের প্রধান ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শেখ মো. ফানা ফিল্লাহ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে তদন্তের কাজ আপাতত শেষ। ১০-১২ জনের বক্তব্য শোনার টার্গেট নিয়ে এসেছিলাম। শেষ পর্যন্ত এ সংখ্যা ৩০ জনে দাঁড়ায়।"
তিনি জানান, তদন্ত কমিটি চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের (সিসিটি) কাজের দরপত্র সংক্রান্ত ১৭টিসহ মোট ২১টি নথি (ফাইল) জব্দ করেছে।
বন্দরে তদন্তে প্রত্যাশিত ফল এসেছে কিনা- জানতে চাইলে ফানা ফিল্লাহ বলেন, "আমরা এখনও অনুসন্ধানের পর্যায়ে আছি। তবে যে টার্গেট নিয়ে এসেছি, তাতে সন্তুষ্ট।"
মতিন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকার সময় সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ অনিয়মের মাধ্যমে এছাক ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে এ জন্য মামলার সুপারিশ করে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এরপর নৌ পরিবহন মন্ত্রণালয় ওই সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠালে তদন্ত শুরু হয়।
কমিশনের প্রধান কার্যালয়ে কর্মরত উপপরিচালক ফানা ফিল্লাহর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল মঙ্গলবার চট্টগ্রামে তদন্ত শুরু করে। প্রথম দিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ এবং দ্বিতীয় দিন মতিনের বক্তব্য শোনেন তারা। বুধবার মতিন ও চবক চেয়ারম্যানকে মুখোমুখি করিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান মতিন অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
চট্টগ্রামের আর কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলে তাকে ঢাকায় তলব করা হবে জানিয়ে ফানা ফিল্লাহ বলেন, "সাইফ পাওয়ার টেক এর একজন কর্মকর্তা বক্তব্য দিতে আসেননি। তাকে ঢাকায় তলব করা হয়েছে।"
২০০৬ সালের জুন মাসে সিসিটি পরিচালনার জন্য সাইফ পাওয়ার টেককে দুই বছরের জন্য নিয়োগ করা হয়। ওই মেয়াদ শেষ হলে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করে এ বছরের ২ ফেব্র"য়ারি সিসিটি পরিচালনায় এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি করে চবক। তাতেই অনিয়মের অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি।
তদন্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে ফানা ফিল্লাহ জানান।
তদন্ত দল এছাক ব্রাদার্স ছাড়াও দরপত্রে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করে।
সাবেক উপদেষ্টা মতিনকে আর জিজ্ঞাসাবাদ করা হবে কি না- জানতে চাওয়া হলে দুদক কর্মকর্তা বলেন, "উনাকে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।"
তবে তিনি একইসঙ্গে বলেন, জিজ্ঞাসাবাদে কেউ কেউ তাৎক্ষণিকভাবে কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি। তারা পরে তা দেবেন।
নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেওয়ার আগ মুহূর্তে তড়িঘড়ি করে এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি হয় বলে সংসদীয় কমিটির অভিযোগ।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন এত দ্রুত কাজটি করা হলো, তদন্তে সে বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।"
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক জাহিদ হোসেন এবং চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক আবদুল আউয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24