ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আগের দিনের ওয়াকআউটের প্রেক্ষাপটে বিএনপি বৃহস্পতিবার বলেছে, সামনের সারিতে আরো তিনটি আসন পেলে তারা সংসদে যোগ দেবে।
বৃহস্পতিবার বিকেলে নতুন সংসদের তৃতীয় দিনের অধিবেশন বসবে।
বৃহস্পতিবার স্পিকার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সকালে জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির সংসদীয় প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করে তাদের এ দাবির কথা জানায়।
স্পিকার তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিএনপি সংসদে যাওয়ার শর্ত হিসেবে সামনের সারিতে আরো তিনটি আসন চায়।"
তবে স্পিকার বলেছেন, এ শর্ত মানা না হলে দীর্ঘসময় সংসদ বয়কটের কোনো হুমকি দেয়নি বিএনপি।
আবদুল হামিদ জানান, তিনি বিএনপিকে বলেছেন, তিনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন তারা আসন ছাড়তে চায় কিনা। "তারা রাজি না হলে আমার কিছু করার নেই", বলেন স্পিকার।
স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিএনপি সাংসদদের এ দাবির কথা তিনি সরকারি দল আওয়ামী লীগের চিফ হুইপ আব্দুস শহীদকে জানিয়েছেন।
আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমি দলনেত্রীকে জানাবো।"
তিনি আরো বলেন, "আমরা এখনো আমাদের অবস্থানে আছি। এখন বিষয়টি স্পিকারের ওপর।"
পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে বিএনপির সংসদ সদস্যরা বিকাল চারটায় আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন এমকে আনোয়ার।
আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রধান বিরোধী দল বিএনপি ওয়াক আউট করে।
পরে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার সাংবাদিকদের বলেছিলেন, "সরকারিদল বিরোধীদলকে সহ্য করতে পারছে না বলে আসন পুনর্বিন্যাস করেছে, যা সংসদীয় রীতি-বহির্ভূত। স্পিকার সরকারি দলের প্রতিনিধির মতো আচরণ করেছেন।"
বুধবার আসন পুনর্বিন্যাস করে প্রথম সারিতে বিরোধীদলকে চারটি আসন দেওয়া হয়। এরপর সেখানে মহাজোটকে চারটি এবং এলডিপিকে একটি আসন দেওয়া হয় । মহাজোটের চারটি আসনের মধ্যে রয়েছে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুলন হক ইনুর আসন।
আসন পুনর্বিন্যাসে সরকারিদলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর প্রথম সারিতে স্থান পেয়েছেন।
দ্বিতীয় সারিতে বিএনপির যে ১১টি আসন ছিল সেখানেও তাদের চারটি আসন দিয়ে বাকি সাতটি আসন দেওয়া হয় মহাজোটকে।
সরকারি দল বলছে নিয়ম অনুযায়ী সংসদে দলীয় সদস্য সংখ্যার অনুপাতেই এভাবে আসন বিন্যাস করা হয়েছে।
বিদায়ী স্পিকার তার বাঁ দিকের সামনের সারির দশটির মধ্যে নয়টি আসনই বিএনপিকে দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এসইউএম/ডিডি/জিএনএ/কেআরসি/আরএএইচ/এসি/এসকে/১৫৫০ঘ.
bdnews24