ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 'না জেনেই ভুল বুঝে' বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন বক্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে থেকে দেওয়া উচিত নয়।"
মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এ প্রতিক্রিয়া জানান।
সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "নির্বাচনের কারণে পরবর্তী ১৫ দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে। তারা ইচ্ছে করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।"
একইসঙ্গে নির্বাচন-পরবর্তী আইন-শৃঙ্খলার উন্নতি বা অবনতি নির্বাচন কমিশনের (ইসি) কারণে হয়ে থাকে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের- এ বক্তব্যের জোরালো বিরোধিতা করেন কমিশনার সাখাওয়াত।
সাংবাদিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "আমি বক্তব্যটি শুনেছি। উনি ভুল বুঝেছেন। আইনটি মনে হয় উনি ভাল করে দেখেননি। আমার মনে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদে থেকে কোনো কথা বলার আগে আইন ভাল করে দেখে নেওয়া ভাল। কারণ, এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে।"
নির্বাচন কমিশনার আরো বলেন, "যেহেতু উপজেলা নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কথাটি বলেছেন, তাই উল্লেখ করতে চাই- নির্বাচন বিধিমালার (অতিরিক্ত গেজেট) ৯২ ধারায় কতিপয় নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির বিষয়ে কমিশনকে অবহিত করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যেমন: জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পদস্থ কর্মকর্তারা এতে জড়িত। তাদের বদলি করার আগে ইসিকে অবহিত করতে হয়।"
নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধি আইন ১৯৯১ এর কথা উল্লেখ করে সাখাওয়াত বলেন, "এই আইনে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলির বিষয়ে নির্বাচনের ১৫দিন পর পর্যন্ত ইসিকে জানানোর কথা বলা হয়েছে। সেখানে আইন-শৃঙ্খলার কথা বলা নেই। এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদলি হচ্ছে। আমাদের জানাচ্ছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন কমিশন দায়ী- এ রকম আইন আছে কিনা আমাদের (ইসি) জানা নেই।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংবিধানে নির্বাচন উপলক্ষে সরকারের সব বিভাগকে ইসিকে সহাযোগিতা করার কথা বলা হয়েছে। নির্বাচনের জন্য কমিশন যে কারো সহায়তা চাইলে তাকে তা দিতে হবে। এখন নির্বাচন শেষ হয়ে গেছে। বিভিন্ন অভিযোগের তদন্ত হবে। গেজেট করা হবে। এসব কাজ করার জন্য নির্বাচন ও আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের থাকা দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এএল/এসকে/২১০১ঘ.
bdnews24