ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে আসন পুনর্বিন্যাস নিয়ে মঙ্গলবার বিকেলে সরকার ও বিরোধী দলের প্রধান হুইপের সঙ্গে স্পিকার আব্দুল হামিদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। (আরো তথ্যসহ)
বিকেল চারটার দিকে স্পিকারের কক্ষে বৈঠকটি শুরু হয়ে সন্ধ্যা ছয়টার দিকে শেষ হয়।
বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি দল তাদের কিছু জ্যেষ্ঠ সাংসদ ও মন্ত্রীকে বিরোধী দলের আসনে বসানোর প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, "সরকারি দলের চিফ হুইপ আমাকে বলেছেন- তারা বিএনপিকে বিরোধী দলের বেঞ্চের প্রথম সারিতে তিন থেকে চারটি আসন দিতে চায়। বিরোধী দলের সাংসদদের অপসারণ করে তাদের দলের কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংসদকে ওই আসনগুলোতে বসাতে চান।"
সরকারি দলের হুইপের সঙ্গে তার দ্বিমত পোষণ করার কথা জানিয়ে জয়নাল আবেদীন ফারুক বলেন, "আমি তার ওই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। আমি তাকে বলেছি- সংসদকে গতিশীল রাখার ইচ্ছা থাকলে এই আসন পুনর্বিন্যাস করবেন না।"
আসন পুনর্বিন্যাসের প্রস্তাব সংসদকে গতিশীল করার 'চিহ্ন বহন করে না' বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় প্রধান হুইপ।
জয়নাল আবেদীন ফারুক কার্যপ্রণালীবিধির ৭ বিধি উল্লেখ করে বলেন, "একমাত্র স্পিকারই আসন পুনর্বিন্যাসের এখতিয়ার রাখেন।"
সরকারি দলের সাংসদরা স্পিকারের বাঁ পাশে বসেন পৃথিবীর কোন দেশে এমন নজির নেই বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলীয় হুইপ সাংবাদিকদের জানান দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।
এর আগে দুপুরে সরকারি দলেরপ্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, "বিদায়ী স্পিকার একতরফাভাবে আসন বিন্যাস করেছেন। আমরা এতে আপত্তি জানিয়েছি। সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে বিরোধী দল প্রথম সারিতে তিনটি আসন পাবে। অথচ বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার নিজের ক্ষমতা বলে যা করেছেন, তা গ্রহণযোগ্য নয়। নতুন স্পিকার ইতিমধ্যে সংসদের আসন পুনর্বিন্যাস করার ঘোষণা দিয়েছেন।"
অন্যদিকে একতরফা সিদ্ধান্ত নেওয়া হলে বিএনপিসহ বিরোধী দল 'ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে' বলে সাংবাদিকদের কাছে তখন জানান বিরোধী দলের প্রধান হুইপ ।
বিদায়ী স্পিকার তার বাঁয়ে বিরোধী দলের বেঞ্চে প্রথম সারিতে ১০ আসনের মধ্যে ৯টি আসন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তার দলের ৮ জন সাংসদকে বরাদ্দ দেন। দ্বিতীয় সারিতে বিএনপি দলীয় সাংসদ ও জামায়াতের ২ জন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একমাত্র সাংসদকে আসন দেওয়া হয়।
আসন বিন্যাসের ক্ষেত্রে সরকারি দলের প্রধান হুইপের প্রস্তাব ছিল- বিরোধী দলীয় বেঞ্চে বিরোধী দলীয় নেত্রীসহ তিনটি আসন পাবে বিএনপি। এছাড়া এর পেছনে চারটি আসন পাবে তারা।
সরকারি দলের যুক্তি, সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে প্রথম সারিতে বিএনপি পাবে তিনটি আসন।
কার্যপ্রণালী বিধি (৭) অনুযায়ী স্পিকার যেকোন সময় আসনবিন্যাস পরিবর্তন করতে পারেন।
প্রচলিত রীতি অনুযায়ী, বিদায়ী স্পিকারের সরকারী দল ও বিরোধী দলের হুইপদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসনবিন্যাস চূড়ান্ত করার কথা।
বিদায়ী স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকার সরকারি দলের সঙ্গে আলোচনা ছাড়াই আসনবিন্যাস চূড়ান্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৮৫১ঘ.
bdnews24