২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিষ্ণুতার পরামর্শ বিদায়ী স্পিকারের

বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, সব সমস্যার সমাধান গণতন্ত্রেই নিহিত। দরকার শুধু গণতান্ত্রিক রাজনৈতিক কালচার ও সহিষ্ণুতা। রোববার নবম সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণে তিনি বলেন, "গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সব সমস্যার সমাধান গণতন্ত্রেই নিহিত। দরকার শুধু গণতান্ত্রিক রাজনৈতিক কালচার ও সহিষ্ণুতা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, সব সমস্যার সমাধান গণতন্ত্রেই নিহিত। দরকার শুধু গণতান্ত্রিক রাজনৈতিক কালচার ও সহিষ্ণুতা। রোববার নবম সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণে তিনি বলেন, "গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সব সমস্যার সমাধান গণতন্ত্রেই নিহিত। দরকার শুধু গণতান্ত্রিক রাজনৈতিক কালচার ও সহিষ্ণুতা।" ভাষণে বিদায়ী স্পিকার স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করে বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংসদীয় ধারা অব্যাহত রাখতে নবম সংসদ নির্বাচনের কোনো বিকল্প ছিল না।" নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বলে ভাষণে উল্লেখ করে জমিরউদ্দিন সরকার। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, "স্পিকার হিসেবে আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এ সময়ে যারা সদস্য ছিলেন এর বিচার তারা করবেন।" উদাহরণ হিসেবে তার সময়কালে বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনায় বিরোধী দলকে সরকারি দলের চেয়ে বেশি সময় দেওয়ার কথা তুলে ধরেন তিনি। ভাষণের শেষ দিকে তিনি বলেন, "সংবিধানের ৭৪ অনুচ্ছেদের বিধি ৮ ও ৯ অনুযায়ী বিদায়ী স্পিকারের দায়িত্ব নতুন স্পিার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা।" এ কথা বলার পর তিনি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু করেন। এরপর মুন্সীগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুস শহীদ স্পিকার হিসেবে কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সেগুফতা ইয়াসমিন। পটুয়াখালী-২ আসনের সাংসদ আসম ফিরোজ ডেপুটি স্পিকার হিসেবে শরীয়তপুর-২ আসনের সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান কুমিল্লা-১১ আসনের সাংসদ মো. মজিবুল হক। কণ্ঠভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ সময় বিএনপির সাংসদরা নিরব ছিলেন। নির্বাচনের পর বিদয়ী ভাষণে বিদায়ী স্পিকার নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান। সকল সাংসদকেও স্পিকার এবং ডেপুটি স্পিকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি। বিদায়ী স্পিকার সংসদ সচিবালয় ও সংসদের কর্মকর্তা-কর্মচারি এবং গণমাধ্যমকর্মী ও নবনির্বাচিত সাংসদদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ৩০ মিনিটের জন্য সংসদের অধিবেশন মূলতবি ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসইউএম/এজে/জিএনএ/১৬১৩ ঘ.