সাতক্ষীরা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সাতটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ নেতারা বিজয়ী হয়েছেন। একটিতে জিতেছেন জাতীয় পার্টি (জেপি) নেতা এবং অপরটিতে জামায়াত নেতা।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নুরুল হুদা পেয়েছেন ৬৩ হাজার ১৭১ ভোট।
দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগের নেতা আব্দুল গণি। তিনি পেয়েছেন ২৩ হাজার ৩৫৪ ভোট।
কলারোয়া উপজেলায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম ৫৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের শেখ আবুল কাশেম পেয়েছেন ৪৮ হাজার ৫৭৯ ভোট।
কালীগঞ্জ উপজেলায় জেপি নেতা শাহাদাত হোসেন ৭১ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ওয়াহেদুজ্জামান পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।
আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে ৮৫ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এবিএম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোখলেসুর রহমান পেয়েছেন ৪২ হাজার ৩৬৭ ভোট।
শ্যামনগর উপজেলায় জামায়াতে ইসলামীর জিএম আব্দুল বারী ৬৬ হাজার ৯৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবু বক্কর সিদ্দিকী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।
তালা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সনৎ কুমার। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহমুদুল হকের ভোটসংখ্যা ৬৫ হাজার ৭৮১।
ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০৩৩০ ঘ.
bdnews24