২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার কমিশন বাতিলসহ অনেক দাবি খোকার

তত্ত্বাবধায়ক সরকার আমলে জারি করা স্থানীয় সরকার পরিষদ সংক্রান্ত যাবতীয় অধ্যাদেশকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। একইসঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকার আমলে গঠিত স্থানীয় সরকার কমিশনও বাতিলের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার আমলে জারি করা স্থানীয় সরকার পরিষদ সংক্রান্ত যাবতীয় অধ্যাদেশকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। একইসঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকার আমলে গঠিত স্থানীয় সরকার কমিশনও বাতিলের দাবি জানিয়েছেন। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে এ দাবি জানান তিনি। মেয়র খোকা সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা স্থানীয় সরকার পরিষদ সংক্রান্ত অধ্যাদেশগুলো গণবিরোধী। সেই সব অধ্যাদেশ জারি করার কারণে স্থানীয় সরকার প্রশাসনে কাজের গতি কমেছে। স্থানীয় সরকার পরিষদগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে।" ঢাকার মেয়র বলেন, "আগামী সংসদে তত্ত্বাবধায়ক সরকারের এসব অধ্যাদেশ পাস করার আগে নতুন করে বিবেচনার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে এগুলো সংশোধন করে গণবিরোধী অংশটুকু বাদ দিতে হবে।" তিনি ঢাকা সিটি করপোরেশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ন্যস্ত করার দাবি জানিয়ে বলেন, "স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনগুলোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেওয়া প্রয়োজন। কারণ, ঢাকা মহনগরসহ সিটি কর্পোরেশনগুলোর উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতেই থাকা উচিত।" রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, শহর উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসাকে সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি। পৌর চেয়ারম্যানদের পদবি পরিবর্তন করে পৌর মেয়র করার বিষয়ে তত্ত্বাবধয়াক সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মেয়র খোকা বলেন, "পৌরসভার চেয়ারম্যানদের পদবি মেয়র করার সিদ্ধান্ত ছিল অযৌক্তিক। কারণ, সিটি করপোরেশনের মেয়র এবং পৌরসভার মেয়র এক হতে পারে না। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর পৌরসভার একজন মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের মেয়রের তুলনা করা যায় না।" ঢাকা সিটি করপোরেশনের জন্য সরকারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে মেয়র বলেন, "ঢাকা সিটি করপোরেশনে যে বাজেট দেওয়া হয় তা অত্যন্ত কম। এই বাজেটে কাজ করা যায় না। ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ নগরীর জন্য সরকারি বাজেট আরো বাড়ানো দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৬৩৬ ঘ.