ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এককভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণ বা দমন করা সম্ভব নয় মত দিয়ে তিনি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা ও সমর্থন প্রয়োজন।
সোমবার সচিবালয়ে মন্ত্রপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রেস সচিব জানান, স্থায়ীভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, "এ বিষয়ে বৈঠকে উপস্থাপনের পর আলোচনা শেষে বলা হয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ কীভাবে দমন করা যায়, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট (প্রতিবেদন) নিয়ে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে পর্যালোচনা করা হবে।"
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, "জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা ও সমর্থন প্রয়োজন। এককভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণ বা দমন করা সম্ভব নয়।"
প্রেস সচিব বলেন, "প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।"
তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তা অনুমোদন করা হয়েছে।
সংসদীয় কমিটি গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী চূড়ান্ত করে রেখেছেন বলে জানান তার প্রেস সচিব।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এজে/জিএনএ/১৫০১ ঘ.
bdnews24