ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, উপজেলা নির্বাচনের পর তৃণমূল পর্যায় থেকে দল পুনর্গঠনের কাজ শুরু করবে বিএনপি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব দলের জাতীয় কাউন্সিলও হবে।
শনিবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসা থেকে বেরুনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান বিএনপি মহাসচিব।
খোন্দকার দেলোয়ার বলেন, ''উপজেলা নির্বাচনের পরপরই আমরা দলের তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠন কাজ শুরু করব। গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটিগুলো পুনর্গঠন করে সক্রিয় ও শক্তিশালী করা হবে।''
আগামী ২২ জানুয়ারি দেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দলকে নতুনভাবে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ''উপজেলা নির্বাচনের পর দলের যুগ্মসচিব পর্যায়ে কমিটি গঠন করে মাঠ পর্যায়ে সারা দেশের কমিটিগুলোর খোঁজ-খবর নেওয়া হবে। তারা সরজমিনে চিত্র দেখে কেন্দ্রকে অবহিত করবে। আমরা সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করতে তৃণমূল পর্যায় থেকে সবগুলো স্তরের কমিটি পুনর্গঠন করব।''
সারাদেশের কমিটি ভেঙ্গে দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, "সব কমিটি ভেঙ্গে দেওয়া হবে, এটা ঠিক নয়। যেখানে কমিটি সমন্বয় করা প্রয়োজন সেখানে সমন্বয় করা হবে, যেখানে নতুন কমিটি দরকার, সেখানে তা করা হবে। আবার যেখানে কমিটি ভেঙ্গে দেওয়া প্রয়োজন, সেখানে কমিটি ভেঙ্গে নতুনভাবে করা হবে।"
দলীয় কাউন্সিল কবে হবে-এ প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ''জাতীয় কাউন্সিল করা সময়সাপেক্ষ ব্যাপার। তৃণমূল পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন হলে যতদ্রুত সম্ভব ঢাকায় কাউন্সিল অনুষ্ঠান হবে। আমরা কাউন্সিলে সত্যিকার অর্থে দলের প্রতিনিধি নিয়ে আসতে চাই।"
সংসদে ডেপুটি স্পিকার মনোনয়ন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারি দল থেকে আনুষ্ঠানিক প্রস্তাব এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব বিএনপি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩২৪ ঘ.
bdnews24