২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র লিটন ও সাংসদ কুদ্দুসকে সতর্ক করল ইসি

আসন্ন উপজেলা নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন এবং নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার কমিশন সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 06:37 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপজেলা নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন এবং নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার কমিশন সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।" সংবাদপত্রে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে মেয়রকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, "আপনি বাঘা হাইস্কুল মাঠের এক জনসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানকে ছাতা প্রতীকসহ পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন। উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী আপনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। এ ধরনের কাজের পুনরাবৃত্তি নির্বাচন কমিশন প্রত্যাশা করে না।" এদিকে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে সোনার নৌকা গ্রহণ করায় নাটোর-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসকেও সতর্ক করেছে কমিশন। এ ধরনের উপঢৌকন গ্রহণ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীদের বিভ্রান্ত ও পথভ্রষ্ট করে এক অনাকাঙ্খিত অপসংস্কৃতির দিকে ধাবিত করতে পারে বলে মন্তব্য করা হয় কমিশনের চিঠিতে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইসির চিঠিতে বলা হয়- গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ পক্ষে বিলচলন শহীদ সামসুজ্জোহা ডিগ্রি কলেজ মাঠে আপনার উদ্দেশে আয়োজিত সংবর্ধনায় উপহারস্বরূপ উপজেলার ৭০টির মতো শিক্ষা প্রতিষ্ঠান ও ১০টি ব্যবসায়ী সংগঠন হতে ৮০টি সোনার নৌকা গ্রহণ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/এমটি/০০৩০ ঘ.