ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব দীনা হককে দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত উপ-সচিব মোসাম্মৎ সেলিনা খাতুনকে অর্নির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এসব নিয়োগের আদেশ জারি করে।
একইদিন প্রশাসনের একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব ও একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল আনা হয়। এছাড়া নয়জন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব এএসএম আলী কবীরকে সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়।
যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি হওয়া প্রশাসনের নয় যুগ্ম-সচিব হলেন- বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনোয়ার ইসলাম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. নাসির উদ্দিন, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকৃতি রঞ্জন চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এটিএম মোর্তুজা রেজা চৌধুরী, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুল আলম খান, বিআইডব্লিউটিএ'র সদস্য শফিউর রহমান, ঢাকার মূদ্রণ, লেখ সামগ্রী, ফরম ও প্রকাশনা অধিদপ্তরের নিয়ন্ত্রক বেগম মমতাজ আহমেদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ আব্দুস সামাদ।
এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম-সচিব) নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে, গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেসের উপ-নিয়ন্ত্রক (উপ-সচিব) মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁঞাকে মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৫৬ঘ.
bdnews24