২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন বন্ধ না হলে চট্টগ্রাম থেকে আন্দোলন: নোমান

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের 'হত্যা ও সন্ত্রাস' বন্ধ করা না হলে অবিলম্বে চট্টগ্রাম থেকে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের 'হত্যা ও সন্ত্রাস' বন্ধ করা না হলে অবিলম্বে চট্টগ্রাম থেকে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আবদুল্লাহ আল নোমান সোমবার বিকালে নগরীর হালিশহর বড়পুল মোড়ে নির্মাণ শ্রমিক দল নেতা খোকন মাঝি হত্যার প্রতিবাদে এক সমাবেশে এ ঘোষণা দেন। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। নোমান অভিযোগ করেন, গত নির্বাচনে যারা বিএনপির হয়ে কাজ করেছেন তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে এবং চাঁদা দাবি করা হচ্ছে। বিএনপির নেতা কর্মীরা এলাকার শান্তি, শৃংখলা রক্ষায় এবং পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে বলে দাবি করেন তিনি। হালিশহর থানা বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলেও সরকার ও নির্বাচন কমিশন 'নীল নকশা' অনুযায়ী 'ডিজিটাল কারচুপির' মাধ্যমে চার দলীয় জোটকে পরাজিত করেছে। নোমান বলেন, "আমরা আশা করেছিলাম আওয়ামী লীগের দিনবদলের ইশতেহারের মাধ্যমে এবার হয়ত সন্ত্রাস, হত্যা, নির্যাতন ও লুটতরাজের রাজনীতি বন্ধ হবে। কিন্তু যাদের জন্ম সন্ত্রাসের মাধ্যমে তাদের কাছ থেকে এ রকম রাজনীতি আশা করা যায় না।" অতীতের মতো জয়নাল হাজারী ও শামীম ওসমানের মত 'গডফাদার সৃষ্টি না করলে' এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করলে বিএনপি তাদের সহযোগিতা করবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম অঞ্চলের এ নেতা। তিনি ১৯ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে লালদিঘীতে জনসভার কর্মসূচী ঘোষণা করেন। হালিশহর থানা বিএনপি সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী, বিএনপি নেতা এম নাজিম উদ্দিন, শামসুল আলম, এম এ সবুর, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, আবু সুফিয়ান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩০৪ঘ.