ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। সোমবার দুপুরের পর তিনি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে সালাউদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অমিত তালুকদারকে বলেন, "সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের যে ট্রাডিশন (রীতি) রয়েছে, সে অনুযায়ীই আমি পদত্যাগপত্র দিয়েছি।"
বেলা ৩টার দিকে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করেন অ্যাটর্নি জেনারেল। এরপরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে তার কথা হয়।
সালাউদ্দীন বলেন, "আমি এইমাত্র পদত্যাগপত্র জমা দিয়েছি। রাষ্ট্রপতির কাছে লেখা এ পত্রটি আইনমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।"
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তিনি (সালাহউদ্দিন) পদত্যাগ করেছেন। আজ-কালের মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে।"
নতুন অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন- জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, "সেটা নিয়োগ হলেই দেখবেন। এখন বলা যাচ্ছে না।"
গত বছরের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দীন আহমদ। ২০০৭ সালের ১৩ ফেব্র"য়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।
সালাউদ্দীন আহমদ ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৮২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করার পর সালাউদ্দীন আহমদ ১৯৮০ সালে আইন পেশায় যুক্ত হন। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
সালাউদ্দীন আহমদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
সালাউদ্দীন ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৮০ থেকে '৮৩ সাল পর্যন্ত ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমকে/এমআই/১৬০০ ঘ.
bdnews24