ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনকে গতিশীল করার লক্ষ্যে প্রতি সপ্তাহে দুই দিন মন্ত্রিসভা এবং এক দিন একনেকের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. আব্দুল আজিজ সাংবাদিকদের জানিয়েছেন।
দায়িত্ব নেওয়ার পর এদিনই সচিবদের সঙ্গে প্রথম বৈঠক করেন হাসিনা।
আব্দুল আজিজ বলেন, "প্রতি সপ্তাহের সোমবার এবং বুধবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) বৈঠক।"
মন্ত্রিসভার সোমবারের বৈঠক হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে। আর বুধবারের বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আব্দুল আজিজ বলেন, "সভায় সচিবরা যে কোনও সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের আশ্বাস চান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে কোনও প্রয়োজনে তার সঙ্গে টেলিফোনে কথা বলা যাবে।"
সচিব জানান, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এছাড়া নির্বাচনের পর 'বিচ্ছিন্ন সহিংস ঘটনা' রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সভায় নির্দেশ দেওয়া হয়।
আব্দুল আজিজ বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকারের সময় পাসপোর্ট বিকেন্দ্রীকরণের উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।"
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১২ জন সচিব বক্তব্য রাখেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের বর্তমান অবস্থা, তাদের সুবিধা-অসুবিধাসহ সার্বিক পরিস্থিতি জানতে প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমআই/২০১৭ ঘ.
bdnews24