কুমিল্লা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সংসদ নির্বাচনে বিএনপিকে 'জোর করে' হারানো হয়েছে বলে দাবি করেছেন খালেদা জিয়া।
শুক্রবার কুমিল্লা ডাক বাংলোয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "সংসদ নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি। একটি জোট ও দলের পক্ষে তারা কাজ করেছে। এ নির্বাচনে বিএনপিকে জোর করে হারানো হয়েছে।"
নির্বাচনে বিপর্যয়ের পর দল পুনর্গঠনে স্থানীয় পর্যায়ের সব কমিটি ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি।
নোয়াখালী যাওয়ার পথে দুপুরে কুমিল্লায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন।
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের ভরাডুবি হয়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতাসীন এই জোট সারাদেশে মোট ৩২টি আসনে বিজয়ী হয়। এরমধ্যে বিএনপি পায় ২৯টি।
খালেদা জিয়া নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "পাঁচ বছরে আমরা যে উন্নয়ন করেছি, তার সুফল জনগণ পেয়েছে। তাই জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা দলকে নতুনভাবে গড়ে তুলব। সব কমিটি ভেঙে দেওয়া হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা নির্বাচনে জয়ী হয়ে আবার সরকার গঠন করব।"
তিনি বলেন, "আপনাদের মন খারাপ করার কিছু নেই। তৃণমূল পর্যায় থেকেই দলকে সংগঠিত করা হবে। নতুন নেতৃত্ব তৈরি করা হবে।"
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, "গত দুই বছর ধরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসছে। আমাদের বিশ্বাস ছিল, এই সরকার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে; কিন্তু তা হয়নি। নির্বাচন কশিমনও একটি দলের পক্ষে কাজ করছে। যার জন্যে কমিশন ভীত হয়ে এখন বলছে, ব্যালট পেপার প্রদর্শন করা হলে মামলা করা হবে। কিন্তু এই ব্যালট পেপার কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় পাওয়ার কথা ছিল না।"
খালেদা জিয়া আসন্ন উপজেলা নির্বাচনে এক হয়ে কাজ করতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন।
সভার শুরুতেই জেলা ছাত্রদলের নেতা নিজামউদ্দিন কায়সার ও শহর বিএনপির নেতা আব্দুস সালাম মাসুদ নির্বাচনে বিপর্যয়ের জন্য স্থানীয় প্রশাসন ও দলের 'সুবিধাবাদী' নেতাদের দায়ী করে বক্তব্য দেন। তারা সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর বহিষ্কার ও জেলা কমিটি ভেঙে দেওয়ার দাবিও জানান।
তাদের বক্তব্য ঘিরে সভায় হট্টগোল সৃষ্টি হয়। তখন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সবাইকে শান্ত করেন।
কুমিল্লা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত ড. মোশাররফ বলেন, "অনেকের দুঃখ-ক্ষোভ আছে। সরকার একটি দলের পক্ষ হয়ে কাজ করেছিল। সে কারণে আমাদের এ অবস্থা হয়েছে।"
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সহ-সভাপতি রাবেয়া চৌধুরী, সবনির্বাচিত সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমানও উপস্থিত ছিলেন।
কুমিল্লায় সভা শেষে বিকাল ৩টার দিকে নোয়াখালীর পথে রওনা হন খালেদা। নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিলে নির্বাচনী জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা।
মহাজোট প্রার্থী, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যুতে নোয়াখালী-১ আসনের নির্বাচন ২৯ ডিসেম্বর হয়নি। আগামী ১২ জানুয়ারি ওই আসনে নির্বাচন হবে।
আসনটিতে বিএনপির প্রার্থী খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিকালে সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ এবং চাটখিল পিজি উচ্চ বিদ্যালয় মাঠে মাহবুবউদ্দিনের সমর্থনে জনসভায় খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
গত নির্বাচনে সারাদেশে বিপর্যয়ের মধ্যেও বৃহত্তর নোয়াখালীর ১৩টি আসনের মধ্যে নয়টি আসনে বিএনপি বিজয়ী হয়। নোয়াখালীর ছয়টি আসনের দুটি পায় বিএনপি। ফেনী ও লক্ষ্মীপুরের সবগুলো আসনেই বিজয়ী হয় দলটি। খালেদা জিয়া নিজেও ফেনী-১ আসন থেকে বিজয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24