ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দুইজনের নতুন একান্ত সচিব (পিএস) নিয়োগ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বলা হয়েছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব হিসেবে অর্থ বিভাগের উপ-সচিব সোহরাব হোসেন ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর একান্ত সচিব হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ নিয়োগ পেয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম-সচিব) নজরুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখা থেকে জানা গেছে, তার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ নিয়োগের আদেশ জারি করা হবে।
শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় তৎকালীন উপ-সচিব নজরুল ইসলাম খান তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলী করা হয়। সেখানে থাকা অবস্থায় তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হন বলে সংস্থাপন মন্ত্রণালয় থেকে জানা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৫৩ঘ.
bdnews24