ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের প্রথম অধিবেশনের আগে শপথ নেওয়া হচ্ছে না বিএনপি নেতৃত্বাধীন চারদলের নব নির্বাচিত সাংসদদের। প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাছেই শপথ নিতে হবে নির্বাচিত এই ৩০ জনকে।
সংবিধানের ১৪৮ এর (২ক) ধারা অনুযায়ী, নির্বাচিত সাংসদদের নামের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে তারা স্পিকারের কাছে শপথ গ্রহণ করতে পারবেন। এ সময়ের মধ্যে সম্ভব না হলে পরবর্তী তিনদিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে শপথ নেওয়া যাবে বলে আরেকটি ধারায় উল্লেখ করা হয়েছে।
গত ১ জানুয়ারি নির্বাচিত সাংসদদের নামের গেজেট প্রকাশ হয়।
সংবিধানের এই হিসেবে চারদলীয় জোটের নব নির্বাচিত সাংসদদের জন্য বুধবারই ছিল সিইসি'র কাছে শপথ নেওয়ার শেষ সময়সীমা। তবে এদিনও তারা শপথ নেননি।
সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ২৫ বা ২৬ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে।
সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন বসার ৯০ দিনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিতে হবে। তা না হলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের শিকার বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ৩০০ আসনের মধ্যে ৩২টি আসনে জয়ী হয়। এর মধ্যে বিএনপি ২৯টি, জামায়াতে ইসলামী ২টি এবং বিজেপি ১টি আসন পায়।
শপথ গ্রহণ ও সংসদে যোগ দেওয়ার ব্যাপারে বুধবার রাতে বিএনপির নব নির্বাচিত সাংসদরা বৈঠকে বসেছেন।
২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬২টি আসনে জয়ী হয়ে ইতোমধ্যে সরকার গঠন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৯৫৩ঘ.
bdnews24