ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমনে কোনও বাধা বরদাশত করা হবে না বলে ঘোষণা দিয়েছেন নতুন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার মন্ত্রণালয়ে কাজে যোগ দেওয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সাংবাদিকদের বলেন, "এই মন্ত্রণালয়ে যারা দুর্নীতিতে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে কেউ বাধা দিলে বরদাশত করা হবে না।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের মন্ত্রিসভা মঙ্গলবার শপথ নেয়। নতুন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম।
মন্ত্রিসভা গঠনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারী ফুল ও ব্যানার নিয়ে নতুন মন্ত্রীদেরকে স্বাগত জানানোও নিন্দনীয় বলে মনে করছেন জাতীয় নেতা প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের এই ছেলে।
তিনি বলেন, "মন্ত্রিসভা গঠনের পর যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ফুল ও ব্যানার নিয়ে মন্ত্রীদের স্বাগত জানিয়েছেন, তা নিন্দনীয়। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশরাফ বলেন, "আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। যে সব দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বা হচ্ছে ওই সব দেশ এক্ষেত্রে আমাদের সহায়তা করতে চায়।
"তাছাড়া নির্বাচনের পর দলের সভানেত্রীকে বিদেশি কূটনৈতিকরা এ বিষয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সহায়তা দিতে চেয়েছেন। তাদের কাছ থেকে এ বিষয়ে প্রস্তাব পাওয়া গেলে আইনি প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।"
স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পরিচালনার প্রতিশ্র"তি দিয়ে আশরাফ বলেন, "দলীয়করণের মাধ্যমে দেশের বিচার বিভাগ, সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলোকে মেধাশূন্য করা হয়েছিল। এটা বন্ধ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সৎ ও দক্ষ প্রশাসন গড়ে তুলব।
"আমাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। আমরা চাওয়া, আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করা। এ জন্য আমাদের ইশতেহারে ৫, ১০, ও ১৫ বছর মেয়াদি মহাপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ কাঠামোর উন্নয়ন এ মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন
আওয়ামী লীগের মুখপাত্র আশরাফ। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার ঘটনাগুলোর বিচারও হবে বলে জানান তিনি।
আশরাফ জানান, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নিরাপত্তা নিয়ে কোনও হুমকি থাকলে তার নিরাপত্তা জোরদার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এমআই/১৭৩৭ ঘ.
bdnews24