ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি জ্বালানি ব্যয় কমানোর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম কর্মদিবসে মতিয়া চৌধুরী তার দপ্তরে সাংবাদিকদের বলেন, "কৃষি জ্বালানি ব্যয় কমানোর জন্য আমাদের চিন্তাভাবনা আছে। আমার ধারণা, প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দিবেন।"
তিনি বলেন, "বোরো মৌসুম শুরু হয়ে গেছে। তত্ত্ববধায়ক সরকার কি পরিমাণ মজুদ রেখে গেছে তা বলেনি। বলা বাঞ্ছনীয় ছিল। আমরা প্রথমেই মজুদ যেন পর্যাপ্ত হয়, সেটা গড়ে তোলার চেষ্টা করবো।"
মতিয়া চৌধুরী বলেন, "কৃষক সার নিয়ে হয়রানির শিকার হয়। এটা আমরা কখনও চাইনি। আগেও ঘটেনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও সজাগ। অর্থমন্ত্রীও একমত। পুরো মন্ত্রী সভাই এ বিষয়ে সচেতন। আমরা জরুরিভিত্তিতে দেখবো।"
তিনি বলেন, "বিদ্যুতের অবস্থা ভালো না। ডিজেল দিয়েই সেচের ব্যবস্থা করতে হয়। এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমার ধারণা, প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন। এতে কৃষক কিছুটা হলেও সুবিধা পাবে এবং তার জ্বালানি খরচ অনেক কমে আসবে।"
কৃষিমন্ত্রী বলেন, "আমরা নিজম্ব আরাম আয়েসের কথা চিন্তা না করে দেশের সেবা কররো। একদিন একমুহূর্ত নষ্ট করার সময় নেই।"
তিনি বলেন, "বিগত সরকারের যে তত্ত্ব ছিল খাদ্য ঘাটতির কারণে আমদানী করা। আমরা সে তত্ত্বে আগেও বিশ্বাসী ছিলাম না। এখনও নই। আমরা খাদ্যে যে উদ্বৃত্ত রেখে গিয়েছিলাম এখনও সে অবস্থার দিকে যেতে চাই।"
নবনিযুক্ত এ কৃষিমন্ত্রী আরও বলেন, "আমরা কৃষি পণ্যকে শিল্পায়িত করতে চাই। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চাই; যাতে কৃষক বেশি উৎপাদন করলে বাজার পড়ে না যায়। এতে করে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষি ও শিল্পের মধ্যে সমন্বয় ঘটানো।"
তিনি বলেন, "আমরা খাদ্যের অধিকার ও সহজলভ্যতা নিশ্চিত করতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/জিএনএ/১৬২৩ ঘ.
bdnews24