২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার শিগগিরই শুরুর আশাবাদ একে খন্দকারের

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার খুব শিগগিরই শুরু হবে বলে আশা করছেন নতুন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক খন্দকার নবম সংসদ নির্বাচনে চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করায় ভোটারদের ধন্যবাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার খুব শিগগিরই শুরু হবে বলে আশা করছেন নতুন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক খন্দকার নবম সংসদ নির্বাচনে চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করায় ভোটারদের ধন্যবাদ জানান। পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বেশির ভাগ যুদ্ধাপরাধীই এবার নির্বাচিত হতে ব্যর্থ হয়েছে। এটা সেক্টর কমান্ডারস ফোরামের কাজের ফল। "এজন্য আমি ফোরামের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।" মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক একে খন্দকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করায় নবীন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে এ জন্য সব ভোটারকেই ধন্যবাদ জানান তিনি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবিতে কয়েক বছর আগে একে খন্দকারসহ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়ে গড়ে ওঠে সেক্টর কমান্ডারস ফোরাম। চিহ্নিত যুদ্ধাপরাধীদের ভোট না দিতে নির্বাচনের আগে সারাদেশে প্রচার চালায় ফোরামের নেতারা। যুদ্ধাপরাধে অভিযুক্তদের একটি তালিকাও প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। একে খন্দকার পাবনার একটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হন। মঙ্গলবারই হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার দলের নির্বাচনে ইশতেহারেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার প্রতিশ্র"তি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচ/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.