২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ মামলার শুনানি ছয় মাস পিছিয়েছে

শেখ হাসিনাসহ ছয় জনের বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধবিমান কেনা সংক্রান্ত দুর্নীতি মামলায় শুনানি ছয় মাস পিছিয়েছে। আগামী ১০ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাসহ ছয় জনের বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধবিমান কেনা সংক্রান্ত দুর্নীতি মামলায় শুনানি ছয় মাস পিছিয়েছে। আগামী ১০ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মতুর্জা মজুমদার বুধবার শুনানির নতুন তারিখ ধার্য করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শেখ হাসিনাসহ তিন আসামি বুধবার মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে আদালতে হাজির হননি। তাদের আইনজীবীরা আদালতে সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করা হয়। আবেদনে বলা হয়, হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থহিতাদেশ রয়েছে। সে কারণে সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক বিমানবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমদ, ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর পক্ষে এ আবেদন করা হয়। মামলার অপর তিন আসামি সাবেক প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন ও সৈয়দ ইউসুফ হোসেন এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ বুধবার আদালতে হাজির ছিলেন। মিগ মামলাটি দায়ের করা হয় ২০০১ সালের ১৮ ডিসেম্বর। সরকার বদলের পর বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এ মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ১৯৯৯ সালের ২৮ জুন অপ্রয়োজনীয় এবং বাংলাদেশের জন্য ব্যয়বহুল, পররাষ্ট্র নীতির পরিপন্থী এবং ক্রয়নীতি লঙ্ঘন করে ৮টি মিগ-২৯ মামলা কেনা হয়। পরস্পর যোগসাজসে যুদ্ধবিমানগুলো কিনে আসামিরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পরে হাসিনাসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ২০ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এ মামলায় এর আগে শেখ হাসিনাকে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেয় আদালত। হাসিনার পক্ষে হাজিরা দিয়ে আসছেন তার আইনজীবী এবং নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গত ১৮ সেপ্টেম্বরে হাসিনার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চালানোর ওপর স্থহিতাদেশ দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৫৯ ঘ.