ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদ র্র্নিমূল করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বুধবার প্রথম দিনের মতো নিজ দপ্তরে যোগ দিয়ে দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যদি কোনও সিদ্ধান্ত 'ভুল' প্রমাণিত না হয় তবে বাংলাদেশের চলমান পররাষ্ট্রনীতিকেই তিনি এগিয়ে নিয়ে যাবেন।
সাংবাদিকদের দীপু মনি বলেন, "সন্ত্রাসবাদের কোন সীমানা নেই। সন্ত্রাসবাদ দূর করতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাসবাদ দমনে একটি টাস্কফোর্স গঠনের ব্যাপারে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব। সরকার এই টাস্কফোর্সের গঠন সম্পর্কে সিদ্ধান্ত নিবে।"
টাস্কফোর্স গঠনের কথা তার দলের নির্বাচনী ইস্তেহারে রয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি।
এছাড়াও নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের সঙ্গে সমুদ্রসীমা বিষয়ে বিতর্কের অবসানের ব্যাপারেও আশা প্রকাশ করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা সম্পর্কিত বিতর্ক নিরসনে সরকারের অংশ হিসেবে কাজ করবে তার মন্ত্রণালয়।
তিনি বলেন, "আমরা আশা করি আলোচনার মাধ্যমে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সমুদ্রসীমা বিতর্কের সমাধান হবে।"
যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে কি না তা সরকার সিদ্ধান্ত নিবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তাৎক্ষণিকভাবে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, "কোন অবস্থাতেই গাজায় হত্যাকাণ্ড সমর্থন করা যায় না। আমরা যুদ্ধবিরতি এবং এর সমাধান চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জিএনএ/১৫০৪ ঘ.
bdnews24