ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী হিসেবে কার্যক্রম শুরু করেছেন শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টা ২৫ মিনেটে প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে পৌঁছালে মন্ত্রী পরিষদ বিভাগ সচিব মোহাম্মদ আবদুল আজিজ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
২০০১ সালের ১৫ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এ কার্যালয়ে শেষ অফিস করেন।
এর আগে প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি শুরুর করেন ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শেখ হসিনা দেশের ১২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এ নিয়ে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বঙ্গবন্ধুকন্যা।
সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যদিবস শুরু করেন প্রধানমন্ত্রী। সকাল আটটা ২২ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়ার পর হাসিনা কিছু সময় বঙ্গবন্ধু ভবনে কাটান।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আসার পর মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও পরে প্রধানমন্ত্রীর সচিব কাজী আমিনুল ইসলাম হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
দুপুরে তিন বাহিনী প্রধানও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রী লতিফ সিদ্দিকী, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি। প্র্রধানমন্ত্রী স্মৃতিসৌধের সামনের বেদীতে পুষ্পস্তবক অপর্ণ করেন। মন্ত্রিসভার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে একটি বিচিত্রা বকুল গাছ রোপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/জিএনএ/১১৪৬ ঘ.
bdnews24