২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ-শিবির মুখোমুখি, সব হলে তল্লাশি

আধিপত্য নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব হলে তল্লাশি চলছে। রাত ১০টা পর্যন্ত ছাত্রদের ছয়টি হলে তল্লাশি চলছিল বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ক সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব হলে তল্লাশি চলছে। রাত ১০টা পর্যন্ত ছাত্রদের ছয়টি হলে তল্লাশি চলছিল বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ক সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। হলে আধিপত্য বিস্তার নিয়ে সকালেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। দুপুরে পুরো ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবির মিছিল-পাল্টা মিছিল শুরু হয়। দুপুরের পর শিবির কর্মীরা হলগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এর পরপরই ছাত্রলীগ নেতা-কর্মীরা হলগুলোর গেটের সামনে ও সড়কে অবস্থান নেয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পর ছাত্রলীগকর্মীরা শাহ আমানত হলের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে ঢুকতে গেলে পুলিশের বাধায় তারা পিছু হটে। শাহজালাল ও শাহ আমানত হলের গেটে লাঠিসোঁটা ও ইটপাথর নিয়ে ছাত্রলীগের প্রায় দুইশ কর্মী অবস্থান নেয়। আর হলগুলোর ভেতরে লাঠিসোঁটা, রড ও ইটপাথর জড়ো করতে থাকে শিবিরকর্মীরা। এক দল শিবিরকর্মী সোহরাওয়ার্দী হল মোড়ে অবস্থান নেয়। দুটি ছাত্র সংগঠন মুখোমুখি অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিকালে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে প্রশাসনের এক জরুরি সভায় হল তল্লাশির সিদ্ধান্ত হয়। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে নিয়ে একযোগে সব হল তল্লাশি শুরু করে। বিশ্ববিদ্যালয় ভিজিলেন্স টিমের প্রধান রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালামও হল তল্লাশিতে পুলিশের সঙ্গে রয়েছেন। রয়েছেন প্রক্টরিয়ারাল বডির সদস্যরাও। রাত ১০টা পর্যন্ত তল্লাশিতে কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। উপাচার্য বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় সচল রাখার স্বার্থে প্রশাসন যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। তবে হল তল্লাশি হলেও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এমআই/২২৩৬ ঘ.