২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-খুনের মাধ্যমে তারা 'দিনবদলের পালা' শুরু করেছে: খালেদা

নির্বাচনের পর সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, তারা খুন-সন্ত্রাসের মাধ্যমে 'দিনবদলের পালা' শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পর সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, তারা খুন-সন্ত্রাসের মাধ্যমে 'দিনবদলের পালা' শুরু করেছে। মঙ্গলবার রাজধানীর বিজয় নগরে সন্ত্রাসী হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নবম সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের স্লোগান ছিল- 'দিনবদলের সনদ'। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের ৫৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি নজরুল ইসলাম সোমবার সন্ত্রাসী হামলায় নিহত হন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত। বিএনপি চেয়ারপারসন নিহত নজরুলের পরিবারকে সান্তনা জানাতে তার বাসায় যান। খালেদা জিয়া বলেন, "আপনারা দেখছেন, সারাদেশে একের পর এক আমাদের নেতা-কর্মীদের কীভাবে নির্যাতন করা হচ্ছে; হামলা করে আমাদের নেতা-কর্মীদের বাড়ি-ঘর দখল করা হচ্ছে। এভাবেই তারা 'দিনবদল' শুরু করেছে।" বিএনপি চেয়ারপারসন নিহত নজরুলের পরিবারকে সান্তনা দিয়ে বলেন, "আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের সাথেই আছি, থাকব।" নিহত নজরুলের স্ত্রী ওই সময় কান্নাজড়িত কণ্ঠে তার স্বামী হত্যার বিচার দাবি করেন। নজরুলের বাসায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জ্জা আব্বাস, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া, সাবেক ছাত্রদল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ও স্থানীয় ওয়ার্ড কমিশনার এমএ রউফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/এসকে/২১৩৬ঘ.