ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মন্ত্রিসভায় 'দোষীদের' ঠাঁই হচ্ছে না। মাঝারি আকারের এই মন্ত্রিসভার অধিকাংশই হতে পারেন নতুন মুখ।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩০টির বেশি গাড়ি প্রস্তুত রাখতে বলেছেন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
মহাজোটের শরিক দলগুলোকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হলেও মূল মন্ত্রণালয়গুলো রাখা হতে পারে আওয়ামী লীগ নেতাদের জন্যই।
শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন সহযোগী বলেছেন, "অতীত থেকে শিক্ষা নিয়ে নেত্রী (হাসিনা) এবার 'দোষীদের' বাদ দিচ্ছেন।"
"মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে অবশ্যই দেশ পরিচালনায় দক্ষ এবং যোগ্যদের নামই বিবেচনা করা হয়েছে", বলেন ওই কর্মকর্তা।
যদিও মন্ত্রিসভার সদস্যদের নাম গোপন রাখা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলামের পরীক্ষিত ও অভিজ্ঞদের পাশাপাশি দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজের মতো নবীনদেরও স্থান দেওয়া হয়েছে।
নারীদের মধ্যে পাশ্চাত্যে শিক্ষিত এবং রাজনৈতিক পরীক্ষায় উত্তীর্ণ ডা. দীপুমনি যেমন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন, তেমনি থাকতে পারেন অ্যাডভোকেট সাহারা খাতুনও।
মহাজোট শরিক জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জিএম কাদেরের মন্ত্রিসভায় থাকাটা প্রায় নিশ্চিত। তবে এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম এবার ওই মন্ত্রণালয় পাওয়ার সম্ভাবনা কম।
আদর্শিক মিত্র দল ওয়ার্কার্স পার্টি ও জাসদের দুই সভাপতি রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু ঠাঁই পেতে যাচ্ছেন মন্ত্রিসভায়।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও।
এবারের মন্ত্রিসভায় ঠাঁই নাও হতে পারে দলের প্রভাবশালী চার নেতা আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের। নামের আদ্যক্ষর নিয়ে এই চার জন 'র্যাটস' হিসেবে পরিচিত। তারা চার জনই ১৯৯৬ সালে হাসিনার মন্ত্রিসভায় মন্ত্রী কিংবা সমান পদমর্যাদা নিয়ে ছিলেন।
টেকনোক্র্যাট মন্ত্রীর তালিকায় সবার ওপরে নাম রয়েছে এইচটি ইমামের; এবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব পালন করেন তিনি। টেকনোক্রাট তালিকায় সাবেক সচিব এবং দলের পরীক্ষিত মিত্র ড. মশিউর রহমানও স্থান পেতে পারেন মন্ত্রিসভায়।
নতুন সাংসদদের মধ্যে মন্ত্রিসভায় আসতে পারেন সাবেক দুই কূটনীতিক মোস্তফা ফারুক মোহাম্মদ ও এএইচ মাহমুদ আলী।
বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। দরবার হলে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24