২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু হবে: বিদায়ী উপদেষ্টা

মাধ্যমিক স্তরে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিষয়গুলো অতিরিক্ত হিসেবে থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মাধ্যমিক স্তরে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিষয়গুলো অতিরিক্ত হিসেবে থাকবে বলে জানিয়েছেন তিনি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে উপদেষ্টা এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি হোসেন জিল্লুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। তবে সোমবার মূলত শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়েই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শিক্ষাবিদদের দিয়ে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে মাধ্যমিক স্তরে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, " মনিটরিংয়ের ওপরই যে কোন বড় উদ্যোগের ফলাফল পুরোপুরি নির্ভরশীল।" তার মেয়াদকালে সমন্বয়ের ভিত্তিতে বিভিন্ন কাজ করা হয়েছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, "ভবিষ্যতে যারা আসবেন তারাও একই ভাবে এগিয়ে যাবেন বলে আশা করি।" তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নতুন আইন প্রণয়নের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। উচ্চ শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির চিত্র তুলে ধরে হোসেন জিল্লুর বলেন, "আমাদের সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি, উচ্চ শিক্ষার জন্য একনেকে দুই থেকে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী করতে এর সার্বিক পর্যালোচনা কার্যক্রম শুরু করেছি।" পাবলিক বিশ^বিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য 'সার্চ কমিটি' গঠনের কথাও উল্লেখ করেন তিনি। সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার দিন নির্ধারিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিদায় নেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বিদায়ী বৈঠক হয়। হোসেন জিল্লুর জানিয়েছেন, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৩৩ঘ.