যশোর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপনের মামলায় যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক খুলনা অঞ্চলের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ সোমবার যশোরের প্রধান বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে এ অভিযোগপত্র দেন।
গত বছর ৩ মার্চ সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক।
ওই বছর ২৭ জুন দুর্নীতি দমন কমিশন শাহীন চাকলাদারের কাছে তার সম্পদের বিবরণী জমা দিতে বলে। ওই বছরের ১১ জুলাই তিনি সম্পদের হিসেব জমা দেন।
তাতে দেখা যায়, তার মোট এক কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তিনি এক কোটি এক লাখ ৯১ হাজার ৫১৫ টাকা ঋণ হিসাবে দেখিয়েছেন।
দুদক অনুসন্ধান করে দেখেছে, ২০০৭ সালের ২৮ জুন মেসার্স চাকলাদার কনস্ট্রাকশন লিমিটেডের নামে ৪৯ লাখ ৮৮ হাজার ৫৪৫ টাকার স্থিতি ছিল। ওই কোম্পানিতে তার এক-চতুর্থাংশ শেয়ার রয়েছে। ফলে তিনি একাউন্টের ১২ লাখ ৪৭ হাজার ১৩৬ টাকার মালিক।
এছাড়া অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব পর্যালোচনা করে দেখা যায়, শাহীন চাকলাদার নিট এক কোটি ছয় লাখ ৭৭ হাজার ২১ টাকা সমমূল্যের সম্পদের মালিক।
এ হিসাবে তিনি ৫০ লাখ ৫০ হাজার ৮২১ টাকার সম্পদ দখলে রেখেছেন যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24