ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের শূন্য আসনগুলোতে ফব্রুয়ারির শেষ দিকে উপ নির্বাচন এবং মার্চে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি।
রোববার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এম সাখাওয়াত হোসেন বলেন, "চলতি মাসের শেষ দিকে ডিসিসির ভোটার তালিকা হালনাগাদ করা হবে। মার্চে হবে নির্বাচন। এছাড়া নবম জাতীয় সংসদের শূন্য আসনে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে নির্বাচন হবে।"
জানুয়ারির শেষ দিকে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এবার তিনটি করে আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে প্রত্যেকটিতে জয়ী হন। নিয়ম অনুযায়ী তারা একটি করে আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। বাকি আসনগুলোতে উপনির্বাচন হবে।
এম সাখাওয়াত হোসেন জানান, কমিশন মনোনয়নপত্র বাতিল করার পরও যে প্রার্থীরা উচ্চ আদালতের রায় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপিল করা হবে।
এদিকে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর যারা সংবাদ সম্মেলন করে ব্যালট পেপার প্রদর্শন করছে তাদের সতর্ক করে দেন তিনি।
গণ প্রতিনিধিত্ব আদেশে অভিযোগ প্রমাণ হলে কারাদণ্ডের বিধানের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনের পর যারা বিভিন্ন জায়গায় ব্যালট পেপার প্রদর্শন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
ফল ঘোষণার পর থেকে বিএনপি নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ 'কুড়িয়ে পাওয়া' ব্যালট পেপার দেখিয়ে অভিযোগ করেন, মানিকগঞ্জের এরটি কেন্দ্র্রের বাইরে ওই ছেঁড়া ব্যালট পেপার পাওয়া গেছে। একে পেপারকে কারচুপির প্রমাণ হিসেবে সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন তিনি।
সাখাওয়াত হোসেন জানান, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনকে সামনে রেখে ১০ জানুয়ারি থেকে প্রয়োজনীয় মালামাল মাঠ পর্যায়ে পাঠানো শুরু হবে।
তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা বাহিনী থাকছে না বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/এসকে/২১১৯ঘ.
bdnews24