ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকার কাঠামোগত কোনো পরির্বতন আনতে চাইলে বিএনপি তাকে সমর্থন জানাবে বলে রোববার সাংবাদিকদের কাছে বললেন দলটির অন্যতম প্রভাবশালী নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী।
রোববার সাংবাদিকদের কাছে নবনির্বাচিত এ সংসদ সদস্য এ কথা জানিয়ে আরো বলেন, ফলাফল বিপর্যয়ের পর তারা দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের কাজ করছেন এখন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন,''যুদ্ধাপরাধীর বিচার করতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমাদের মধ্যে কেউ যুদ্ধাপরাধী নেই। উনারা (সরকারি দল) পেয়ে থাকলে করবেন।"
স্বাধীনতার পর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে নিজেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এ নেতা প্রশ্ন তোলেন, "যুদ্ধের পর ৯৩ হাজার সৈন্যের বিচার না করে তারা কেন ফিরিয়ে দিলেন, তা তারাই বলবেন। ''
জেনেভা কনভেনশন অনুযায়ী আত্মসমর্পণকারী পাকিস্তানী সৈন্যদের যুদ্ধবন্দী হিসেবে হেফাজতে রাখার পর ফেরত দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ-ভারত ও পাকিস্তানের মধ্যে এক ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পাকিস্তান নিজে সুনির্দিষ্ট যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ সেনা কর্মকর্তার বিচার করার প্রতিশ্র"তি দিলেও তা আর করেনি।
রোববার সন্ধ্যায় মহাখালীর হোসাফ টাওয়ারে নিজের ব্যবসায়িক কার্যালয়ে এ আলাপকালে সাকা চৌধুরী বলেন,''বিরোধী দল হিসেবে আমরা সরকারের গঠনমূলক কাজকে সমর্থন দেব। কাঠামোগত যে কোনো পরিবর্তন আনতে চাইলে তাকেও আমরা মূল্যায়ন করে সমর্থন জানাব।''
তবে জিয়াউর রহমান প্রবর্তিত 'বাংলাদেশী' জাতীয়তাবাদ ও সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' যুক্ত করা এবং আরেক সেনাশাসক এরশাদের বিতর্কিতভাবে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করা প্রশ্নে তার দল আপোষ করবে না বলে জানান তিনি ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী দাবি করেন, দলের নবনির্বাচিত সাংসদরা ঢাকায় না আসার কারণেই নির্ধারিত সময়ে তার দল শপথ নিতে পারেনি।
তিনি বলেন, '' আগামী ৭ জানুয়ারি সন্ধ্যায় দলীয় চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে নতুন সাংসদদের সভা ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে কবে শপথ নেব। প্রথম অধিবেশন শুরুর আগেই তা হবে।''
দলের ফলাফল বিপর্যয় সম্পর্কে তিনি ভোটার তালিকার ত্র"টির যুক্তি দেন।
তবে দৃশ্যত ফলাফল মেনে নিয়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ''আমরা বিরোধী দল হিসেবেই সরকারের গঠনমূলক কাজে সমর্থন দিতে চাই।''
দলের পুনর্গঠনের ব্যাপারে উদ্যোগের কথা উল্লেখ করে এ নেতা জানান, চেয়ারপার্সন খালেদা জিয়া ইতিমধ্যে পুনর্গঠনের জন্য অনেকের সঙ্গে কথা বলছেন। তৃণমূল পর্যায় থেকে পূর্নগঠন করতে হবে মন্তব্য করে সাকা বলেন,"চেয়ারপার্সন সেই কাজটি শুরু করেছেন।"
সংস্কারের নামে 'কুসংস্কার' সৃষ্টি করে বিএনপিকে বিভক্ত করা হয়েছে মন্তব্য করে সাকা চৌধুরী বলেন, "নির্বাচনে এভাবে আমরা যাওয়ার জন্য প্রস্তত ছিলাম না। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার,মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অসাংবিধানিক অবৈধ সরকারকে বিদায় করতেই এরকম পরিস্থিতিতেও আমরা নির্বাচনে অংশ নিয়েছি।''
সালাহউদ্দিন কাদের সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের 'হামলার' কথা তুলে ধরে ভাবী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন,'' আশা করি তিনি নিজের কথা ও কাজে মিল রাখবেন। অতীত আওয়ামী লীগের মতো কাজ করবেন না।''
সরকারি দলের দুর্নীতি ও সন্ত্রাস দমন,খাদ্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির উদ্যোগকে বিএনপি সমর্থন দেবে বলেও জানান তিনি। তবে 'স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে' আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাউথ এশিয়ান টাস্ক ফোর্স গঠনের উদ্যোগকে সমর্থন দেবে না বলেও উল্লেখ করেন বিএনপি দলীয় এ সাংসদ।
বাকনৈপূণ্যের জন্য সুপরিচিত সালাহউদ্দিন কাদের চৌধুরী ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'বড় বোন' অভিহিত করে বলেন,'' আমি তার ছোট। মিষ্টি তো খাওয়াবেন উনি।''
এসময় নবনির্বাচিত সাংসদ মজিবুর রহমান সারওয়ারও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/এসকে/২১০১ঘ.
bdnews24