২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি রাষ্ট্রপতি হই এটা দেশবাসীর দাবি: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দাবি করেছেন, দেশের জনগণ ও দলের নেতাকর্মীরা তাকে দেশের আগামী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমি রাষ্ট্রপতি হই এটা আমাদের দাবি, দেশবাসীর দাবি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দাবি করেছেন, দেশের জনগণ ও দলের নেতাকর্মীরা তাকে দেশের আগামী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমি রাষ্ট্রপতি হই এটা আমাদের দাবি, দেশবাসীর দাবি।" অবশ্য মন্ত্রীসভা গঠন বা রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আমন্ত্রণ পাননি বলে জানান তিনি। আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করা হতে পারে- এমন গুঞ্জনের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, "প্রবীণ হিসেবে জিল্লুর রহমানের চেয়ে আমি বড়।" রাষ্ট্রপতি করা না হলে কী করবেন- এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান এই সাবেক রাষ্ট্রপতি। এর আগে আলোচনা সভায় দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, "নেতাকর্মীদের আকাক্সক্ষা, হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি হোক। নির্বাচনী প্রচারণায় সবার কাছে আমরা বলেছি, শেখ হাসিনা হবেন প্রধানমন্ত্রী আর এরশাদ রাষ্ট্রপতি। এ শ্লোগানই মহাজোটের বিজয় ছিনিয়ে এনেছে।" দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টি সরকার না বিরোধী দলে থাকবে- সে সিদ্ধান্ত 'পরে' নেওয়া হবে। তিনি বলেন, "জঙ্গীবাদ ও ইসলামের নামে রাজনীতিকে মানুষ প্রত্যাখান করে মহাজোটকে বিজয়ী করেছে। এই বিজয়কে স্বল্প সময়ের জন্য না দেখে দীর্ঘ সময়ের কথা ভাবতে হবে। এজন্য মহাজোটকে ঐক্যবদ্ধ রাখতে হবে।" "আমরা আমাদের চেয়ারম্যানকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই"- বলেন ব্যারিস্টার মাহমুদ। দলের কেন্দ্রীয় নেতা কাজী জাফর আহম্মেদ বলেন, "মহাজোট বিজয়ী হলে হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি করার ব্যাপারে ২০০৭ সালের ২২ জানুয়ারির আগে শেখ হাসিনার সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার পরই আমরা ঠিক করব- সরকারে যাব কি যাব না।" আলোচনা সভায় এরশাদ বলেন, "আমাকে বলা হয়, আমি নাকি ঘন ঘন মত পরিরবর্তন করি। কিন্তু আমি তা করি না। ৯৬ সালে বিএনপি আমাকে সমর্থন দিতে বলেছিল। আমি আওয়ামী লীগকে দিয়েছিলাম। এরপর মঞ্জুকে মন্ত্রী করে আমার দল ভাঙার চেষ্টা করা হলো। তারপরও আমি মত পরিবর্তন না করে আওয়ামী লীগের সঙ্গেই মহাজোট গঠন করেছি।" জাতীয় পার্টিতে আর কোনও 'মঞ্জু' সৃষ্টি হোক- তা চান না বলেও মন্তব্য করেন তিনি। লাঙ্গলের কারণেই নির্বাচনে মহাজোটের জোয়ার সৃষ্টি হয়েছিল- এমন দাবি করে এরশাদ বলেন, "আমরা এখনো বিজয় অর্জন করতে পারিনি। এককভাবে ক্ষমতায় আসলেই বিজয় অর্জন করব।" দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা দুএকদিন পরে বসব। সিদ্ধান্ত নেব কি করতে যাচ্ছি। সরকারে যাব কি না তাও ঠিক করব। আপনারা আমার সঙ্গে থাকবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২১১০ ঘ.