২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক সমাজকেও 'বিরোধী দলের' ভূমিকায় থাকতে হবে: সুলতানা কামাল

নবম সংসদে বিরোধী দলের আকার ছোট হওয়ায় নাগরিক সমাজকেও বিরোধী দলের ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। বৃহস্পতিবার বিকালে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদে বিরোধী দলের আকার ছোট হওয়ায় নাগরিক সমাজকেও বিরোধী দলের ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। বৃহস্পতিবার বিকালে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সুলতানা কামাল বলেন, "সদ্য অনুষ্ঠিত নির্বাচনে মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে। এজন্য বিরোধী দলের আকার হবে অনেক ছোট। এক্ষেত্রে সরকারের কাজের সমালোচনা করার জন্য নাগরিক সমাজকেও বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে।" প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি ২০০৮ সালের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। সারা হোসেন বলেন, "গত বছর জরুরি অবস্থার কারণে মানুষের বেশ কিছু মৌলিক অধিকার স্থগিত ছিল। আইন-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। অনেককে জোর করে ধরে নেওয়া হয়েছে। একটা সময় দেখা গেছে কেউ আইনের ঊর্ধ্বে নয় আবার শেষের দিকের চিত্র ছিল- যেন সবাই আইনের উর্ধ্বে।" তিনি বলেন, "ভালো দিক হলো নির্বাচন কমিশন একটি ভাল ভোটার তালিকা করেছে এবং সেই অনুযায়ী একটি ভাল নির্বাচন করেছে।" নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি 'গণরায় পাওয়া গেছে' মন্তব্য করে সারা হোসেন একশ' দিনের মধ্যে যুদ্ধাপরাধীদের বিষয়ে তদন্ত কাজ শুরু এবং ক্ষমতার পাঁচ বছরের মধ্যে বিচার কাজ শেষ করার দাবি জানান। প্রতিবেদনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নানা সমস্যাও তুলে ধরা হয়। দুয়েকদিনের মধ্যেই আইন ও সালিশ কেন্দ্রের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান সারা হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, নিজেরা করি'র সমন্বয়কারী খুশী কবির, মানবাধিকারকর্মী ফস্টিনা পেরেইরা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২২২৯ঘ.