২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের পদত্যাগ করা উচিত: সুরঞ্জিত

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আওয়ামী লীগ ১০০ দল নিয়ে মহাজোট করলেও ভোটযুদ্ধে পেরে উঠবে না- জমির উদ্দিন সরকারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত রোববার বলেন, "সাধারণ জনগণের করের টাকা নেওয়ার পর তার এভাবে কথা বলা উচিত নয়। শপথ পরিপন্থী বক্তব্য দেওয়ায় তার পদত্যাগ করা উচিত।" শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার আওয়ামী লীগের সাবেক সাংসদদের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তিনি আরো বলেন, "আমরা নেত্রীকে (শেখ হাসিনা) নিয়েই নির্বাচনে যাব; নির্বাচনে বিজয়ী হব এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন।" জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, "আওয়ামী লীগের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। শেখ হাসিনাকে বাইরে রেখে আমরা নির্বাচনে যাব না। সরকার ইচ্ছা করলেই নেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে পারে।" জমির উদ্দিন সরকারের বক্তব্যের সমালোচনা করে আব্দুল হামিদ বলেন, "তিনি স্পিকারের চেয়ারে বসে এ ধরনের কথা বলতে পারেন না।" মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ফ্লাটে আব্দুল হামিদের বাসায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফারুক খান, আব্দুস শহীদ, আসাদুজ্জামান নূর, হাসান মাহমুদ, রহমত আলী, সেগুফতা ইয়াসমিন এমিলি, মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/১৯৪০ঘ.