নওগাঁ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেকে নির্দোষ দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, সরকার মিথ্যা দুর্নীতি মামলায় জড়িয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করেছে।
তিনি বলেন, "আমি দেশের মঙ্গল ছাড়া, মানুষের কল্যাণ ছাড়া ব্যক্তি স্বার্থে কোন চিন্তা করি না। অথচ এ সরকার মিথ্যা দূনীতির মামলায় জড়িয়ে আমাকে হয়রানি ও রাজনৈতিক ভাবে হেয় করেছে। মামলার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার হলে আমি অবশ্যই নির্দোষ প্রমাণিত হব।"
শনিবার বিকেলে নওগাঁয় তার বাসার সামনে স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে জলিল এ কথা বলেন।
প্রায় দুই বছর পর নওগাঁয় গেলে দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগত জানান।
নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাবে জলিল বলেন, "১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে।"
নির্বাচনে জিতে কল্যাণমুখী সরকার গঠনের লক্ষ্যে প্রতিটি নেতা-কর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও যুগ্ম সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা প্রমুখ।
সম্পত্তির হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে জলিলের বিরুদ্ধে দুর্র্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে গত ২০০৭ সালের ১৮ ডিসেম্বর।
২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তনের পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সন্দেহভাজন দুর্নীতিবাজদের ওপর যে ধরপাকড় চালায় তার অংশ হিসেবে ২৮ মে আব্দুল জলিলকে তার প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আটক করে যৌথবাহিনী।
এ বছর ২ মার্চ প্যারোলে মুক্তি পান জলিল। পরদিন চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। ছয় মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত ৩১ আগস্ট তিনি দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24