২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী ও রফিকের কড়া সমালোচনায় আশরাফ

শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে আলোচিত বৈঠক প্রসঙ্গে ব্যবসায়ী ও নাম উল্লেখ না করে একজন আইনজীবীকে রাজনীতিতে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে আলোচিত বৈঠক প্রসঙ্গে ব্যবসায়ী ও নাম উল্লেখ না করে একজন আইনজীবীকে রাজনীতিতে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফ বলেছেন, "দু'নেত্রীর বৈঠকের বিষয়ে আমরা এখনো সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে আমরা বিষয়টি অবশ্যই বিবেচনায় আনবো। এই বৈঠকের বিষয়ে একজন আইনজীবী ও ব্যবসায়ীরাই বেশী আগ্রহী। আমি মনেকরি, তাদের রাজনীতিতে নাক না গলিয়ে আইনে ও ব্যবসায় থাকা উচিত।" হাসিনা ও খালেদার মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়ে রাজনীতির মাঠ সরগরম করে তুলেছেন দুনেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তার প্রস্তাবের সূত্র ধরে ব্যবসায়ীদের নেতা আনিসুল হক সম্ভাব্য বৈঠক আয়োজনে তাদের আগ্রহের কথা জানান। আওয়ামী লীগের নেতারা এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখলেও প্রথমবারের মত দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কড়া ভাষায় তাদের সমালোচনা করলেন। মানিক মিয়া এভিনিউর চার নম্বর ন্যাম ভবনে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত বৃটিশ রাষ্ট্রদূত ডানকান নরম্যান সঙ্গে এক বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রচারণায় দলীয় সভানেত্রীর ওপর হামলা হতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে, তিনি কোন সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন তা জানাননি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক শেষে ডানকান নরম্যান সাংবাদিকদের বলেন, "তিনটা বিষয় জানানোর জন্যই আমি এখানে এসেছিলাম। প্রথমটি হলো; বড় দু'টি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে। দ্বিতীয়ত; সহিংসতার রাজনীতি পরিহার করতে হবে এবং তৃতীয়টি হলো; গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সংসদ ও নির্বাচন কমিশনকে আরো কার্যকর করতে হবে।" ডানকান নরম্যান বলেন, "বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার অতীত ইতিহাস রয়েছে। এটা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক নয়।" তিনি বলেন, "আমরা মনে করি, জনগণকে তাদের পছন্দের সরকার বেছে নেওয়ার সুযোগ করে দিতে হবে।" ভারপ্রাপ্ত বৃটিশ রাষ্ট্রদূত জানান, এই তিনটি বিষয় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বি এন পি) জানাবেন। সৈয়দ আশরাফ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরতে গিয়ে বলেন, "নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটা আমরা সবাই চাই। শুধু আমরা নয় তারাও (ভারপ্রাপ্ত বৃটিশ রাষ্ট্রদূত) জঙ্গি হামলার আশংকা করছেন। যারা গণতন্ত্রেই বিশ্বাস করে না তাদের পক্ষে সব কিছুই সম্ভব। জেএমবি কিন্তু, এখনো শেষ হয়ে যায়নি। তারা এখনো বিভিন্ন নামে রয়েছে।" আশরাফ দাবি করেন,নির্বাচনী প্রচারণায় গ্রেনেড হামলার আশংকা করছেন বৃটিশ রাষ্ট্রদূতও। তিনি এনিয়ে উদ্বিগ্ন বলেও জানিয়েছন সৈয়দ আশরাফুল ইসলাম। একই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা কাছে এধরনের ইনফরমেশন আছে।" পেশাদার সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা নির্বাচনী প্রচারণায় হামলা করতে পারে বলে আশংকা প্রকাশ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা নেত্রীর (শেখ হাসিনা) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা চাইবো অতীতের মতো শেখ হাসিনাসহ অন্যান্য রাজনীতিবিদদেরও এস এস এফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হোক।" বুধবার উচ্চ আদালতে শেখ হাসিনার জামিন না দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "আদালত রাজনৈতিক সমঝোতার জায়গা নয়। সরকার ও আদালতের এটাই তো সমস্যা। এই ঘটনা আইনের প্রতি নগ্ন হস্তক্ষেপ।" সাবেক দুই প্রধানমন্ত্রীকে আলোচনার এক টেবিলে বসানোর বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "সরকার যদি এধরনের বৈঠক আসলেই চায় তাহলে তাদের গ্রাউন্ড ওয়ার্ক করা উচিত। 'বিহাইন্ড দি সিন' বৈঠক করা উচিত।" শেখ হাসিনা আমেরিকা থেকে দলের নীতিনির্ধারকদের চিঠি দিয়েছে বলে কয়েকটি প্রচার মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে সৈয়দ আশরাফূল ইসলাম জানান, তার কাছে বা আওয়ামী লীগ অফিসে এ ধরনের কোনো চিঠি আসেনি। তিনি কারো কাছে এ ধরনের কোনো চিঠিও দেখেননি। সকাল ১১ টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত এই বৈঠক চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪৪৩ ঘ.