২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার কোনও স্থায়ী সমাধান নয়: ফখরুদ্দীন

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী সমাধান বলে মনে করেন না প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা থাকবে কি না- তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

শিহাবুদ্দীন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী সমাধান বলে মনে করেন না প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা থাকবে কি না- তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আবারও জানিয়েছেন, ঘোষিত সময় ১৮ ডিসেম্বরই জাতীয় নির্বাচন হবে। দুর্নীতি বিরোধী অবস্থান থেকে সরকার পিছু হটেনি বলেও দাবি করেন তিনি। বুধবার নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক হলেও ভবিষ্যতে এ ধরনের সরকারের বিষয়ে সংশয় প্রকাশ করে ফখরুদ্দীন আহমদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক সরকার। কিন্তু ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা থাকবে কিনা, তা চিন্তা-ভাবনার সুযোগ রয়েছে। তবে আমি বিশ্বাস করি, তত্ত্বাবধায়ক সরকার কোনও স্থায়ী সমাধান নয়। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হওয়া উচিত।" ঘোষিত সময়ে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, "নির্বাচন নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। ১৮ই ডিসেম্বর নির্বাচন হবেই। আর প্রতিশ্র"তি অনুযায়ী ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বের সমাপ্তি।" যুদ্ধাপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবে না- এ ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা একই সঙ্গে বলেন, "দেশের সাধারণ আইনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সব কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।" বর্তমান সরকারেরর সময়ে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা তুলে ধরে তিনি বলেন, "গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন ছিল। বিভিন্ন আইন প্রণয়ন ও পদক্ষেপের ফলে দেশে গণতন্ত্রায়ন হবে এবং জবাবদিহিতা আসবে। আমার বিশ্বাস, প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে স্বাধীনভাবে জনগণের স্বার্থে কাজ করবে।" দুর্নীতিবিরোধী অবস্থান থেকে পিছু না হটার দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়ায়ই সবার বিচার হবে। দুর্নীতির মামলায় অভিযুক্তদের জামিনে বেরিয়ে আসার বিষয়টি প্রবাসীরা তুলে ধরলে ফখরুদ্দীন বলেন, "জামিন মানেই ছেড়ে দেওয়া নয়। দুর্নীতির দায়ে অভিযুক্তদের জামিন আইনি প্রক্রিয়াতেই হয়েছে। বিচার বিভাগ যে স্বাধীনভাবে কাজ করতে শুরু করেছে, এটা তারই প্রমাণ।" দুর্নীতির দায়ে এ পর্যন্ত ৯৯ জন সাজা পেয়েছে- এ তথ্য জানিয়ে তিনি বলেন, "এ সংখ্যা নেহায়েত কম নয়।" বিদেশি কোনও শক্তির দ্বারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রভাবিত নয় দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, "নিজের দেশের বিষয়ে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি এবং নেব। বিদেশিদের সঙ্গে আমাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের বলেই আমরা বিশ্বাস করি।" সভায় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এবং মহিলা বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীও বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ূন কবির। বৃহস্পতিবার নিউ ইয়র্কের বাংলা মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০০ ষ.