২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের মহাজোটকে তেমন গুরুত্ব দিচ্ছেন না দেলোয়ার

মহাজোট গঠন করে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার সম্ভাবনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, তার দলও জোটগতভাবে নির্বাচন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট গঠন করে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার সম্ভাবনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, তার দলও জোটগতভাবে নির্বাচন করবে। বুধবার এক ইফতার অনুষ্ঠান শেষে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ''অতীতেও মহাজোট গঠন করেছিল আওয়ামী লীগ। কিন্তু পরে শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে গিয়েছিল। দেখা যাক, এবারও মহাজোট গঠন করে তারা কী করে।'' বুধবার সন্ধ্যায় ঢাকার লালমাটিয়া কলোনি মাঠে মোহাম্মদপুর থানা বিএনপি এই ইফতারের আয়োজন করে। দেলোয়ার বলেন, ''চার দল নির্বাচনে জোটগতভবে অংশ নেবে। জোটের পরিধিও বাড়ানোর বিষয়টি আমাদের চিন্তায় আছে।'' তিনি বলেন, ''বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যেতে চাই। এখানে অন্যকোনো চিন্তার অবকাশ এখানে নেই। যাতে নির্বাচনে যেতে পারি সেজন্য সবদলের জন্য সমান সুযোগ সৃষ্টি ও অসমতাগুলো দূর করতে হবে।'' নিজ দলের নেতাদের প্রতি ইংগিত করে বিএনপি মহাসচিব বলেন, ''নেতাদের এমন কিছু বলা উচিত নয়, যাতে বিভ্রান্তি সৃষ্টি হয়। যা কিছুই সিদ্ধান্ত হবে তা চার দল জোটগতভাবেই নেবে।'' মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের সিনিয়র সহ সভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। এরপর সন্ধ্যায় খোন্দকার দেলোয়ার বলেন, এম কে আনোয়ার যা বলেছেন তা বিএনপির দলীয় বক্তব্য নয়। ইফতার অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খোন্দকার মাহবুবউদ্দিন আহমদ, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি এম কে আনোয়ার, দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯৫৪ ঘ.