ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের অংশ নেওয়ার ব্যক্তিগত আগ্রহ না থাকলেও এ ব্যাপারে দলের যে কোনো সিদ্ধান্তকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন ঢাকার মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা।
মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খোকা বলেন, "আর কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই আমার। তবে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকব সবসময়। দল যেভাবে কাজ করতে বলবে সেভাবে দলের জন্য কাজ করতে চাই।"
আগামীতে মেয়র নির্বাচনে অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ আমার নেই। তবে দলের চেয়ারপারসন যদি মনে করেন, আমাকে দিয়ে দলের কোনো কাজ হবে, সেক্ষেত্রে দলের সিদ্ধান্ত যা হবে, তা আমি অবশ্যই মেনে চলব।"
খালেদা জিয়ার নেতৃত্বে যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন খোকা।
ঢাকা মহানগর বিএনপিকে দীর্ঘদিন নেতৃত্বদানকারী এই নেতা আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর কোনো নির্বাচনে অংশ নিতে চান না। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কিছুদিন আগে খোকার নেতৃত্বাধীন দলের মহানগর কমিটি ভেঙে দেন।
খালেদা জিয়া জামিনে মুক্তি পাওয়ার পর খোকা গত শুক্রবার তার বাসায় গিয়ে বৈঠক করেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি দুই অংশে বিভক্ত হলেও খোকা কোনো পক্ষেই অংশ নেননি। ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ পেরিয়ে গেলেও সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১০৩ ঘ.
bdnews24