২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি নির্বাচন এ বছর হচ্ছে না

সারা বছর ধরে অক্টোবরে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলে এলেও নির্বাচন কমিশন (ইসি) এখন বলছে, এ বছর আর ওই নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন চলতি বছর করা সম্ভব হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা বছর ধরে অক্টোবরে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলে এলেও নির্বাচন কমিশন (ইসি) এখন বলছে, এ বছর আর ওই নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন চলতি বছর করা সম্ভব হবে না।" সংসদ ও উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার পর ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, "ডিসেম্বরে জাতীয় ও উপজেলা নির্বাচনের সময় দেওয়া হয়েছে। এই দুই নির্বাচনের পর ডিসিসি নির্বাচন হবে।" গত শনিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন এবং ২৪ ও ২৮ তারিখ দুই পর্যায়ে উপজেলা নির্বাচন হবে বলে জানান। নির্বাচন কমিশনার সাখাওয়াত সাংবাদিকদের বলেন, "নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই জাতীয় ও উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।" ২০০৭ সালের মে মাসে ঢাকা সিটি করপোরেশনে বর্তমান প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়া চার সিটি করপোরেশন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের নির্বাচন গত ৪ আগস্ট অনুষ্ঠিত হয়। অপর সিটি করপোরেশন চট্টগ্রামের মেয়াদ উত্তীর্ণ হবে ২০১০ সালে। এদিকে, প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা রোববার কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও নির্বাচনী আইনের বিষয়ে নেওয়া কমিশনের সিদ্ধান্ত সোমবার জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৬০৬ ঘ.