২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও ইসির সব সংস্কারের পক্ষে আ. লীগ

সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) সব সংস্কার কর্মসূচির পক্ষে অবস্থান ঘোষণা করেছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার ভাষণকে পুরোপুরি ইতিবাচক মনে করছে দলটি। নতুন আইনে নির্বাচনে বিএনপির বিরোধিতার বিপক্ষেও অবস্থান নিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) সব সংস্কার কর্মসূচির পক্ষে অবস্থান ঘোষণা করেছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার ভাষণকে পুরোপুরি ইতিবাচক মনে করছে দলটি। নতুন আইনে নির্বাচনে বিএনপির বিরোধিতার বিপক্ষেও অবস্থান নিয়েছে দলটি। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "একটি দলের একগুঁয়েমির জন্য আন্দোলনের অর্জন আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পক্ষে। আমরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে চাই, তাদের সব সংস্কারে আমাদের সমর্থন রয়েছে। ওয়ান ইলেভেনের পর কোনও অর্জনকেই আমরা হারাতে দিতে পারি না।" জিল্লুর রহমানের বাসায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভার পরই ওই সংবাদ সম্মেলন হয়। 'বিএনপি'র আচরণের জন্য নির্বাচন বাধাগ্রস্ত হলে কমিশন দায়ী থাকবে না'- একটি জাতীয় দৈনিকে এক জন নির্বাচন কমিশনারের দেওয়া এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপিসহ অন্য কয়েকটি দলের আচরণ দুঃখজনক। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যে সংস্কার আনা হয়েছে তার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে।" বিএনপি গত শনিবার ইসির সঙ্গে সংলাপে পুরনো আইনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। নিবন্ধন প্রক্রিয়াও স্থগিত রাখার আহ্বান জানিয়েছে তারা। এর বিরোধিতা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "ওয়ান ইলেভেনের মাধ্যমে আমরা যা যা পেয়েছি, তার বাস্তবায়ন বিএনপি চায় না। বিএনপি গুণ্ডা-পাণ্ডা দিয়ে নির্বাচন করতে চায়।" প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদকে মোবারকবাদ জানাই। এখন আর নির্বাচন নিয়ে কোনও সংশয় থাকবে না। আমরা কনফিডেন্ট, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। আশা করব, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের কাজে মনোনিবেশ করবে।" সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগের দাবির প্রতিফলন ঘটেছে দাবি করে সৈয়দ আশরাফ বলেন, "আমাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখেই জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।" তবে উপজেলা নির্বাচনের তারিখ 'বাস্তবসম্মত' নয় বলে মনে করছে আওয়ামী লীগ। আশরাফুল ইসলাম বলেন, "২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের জন্য বাস্তবসম্মত তারিখ নয়। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যুক্তি তুলে ধরলে তারা (সরকার) তা বুঝতে পারবেন।" প্রধান উপদেষ্টার ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের কোনও ঘোষণা না থাকার বিষয়ে আওয়ামী লীগ নেতা বলেন, "আমরা এটা নিয়েও কথা বলব। জরুরি অবস্থার মধ্যে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হলেও তা বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না।" একই সঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "কালো টাকার মালিক, সন্ত্রাসী ও অস্ত্রধারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য আমরা সরকারকে আরও কঠোর হওয়ার আহবান জানাচ্ছি। তবে জরুরি অবস্থা বহাল রাখা ঠিক হবে না।" প্রধান উপদেষ্টার ভাষণের 'সব কিছুই ইতিবাচক' আখ্যা দিয়ে তিনি বলেন, "আলোচনার মাধ্যমে কোনও সমস্যার সমাধানই অসম্ভব নয়।" প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শনিবার রাতে সাংবাদিকদের বলেছিলেন, "ওই ভাষণ শুনতে ভালো হলেও এতে শুভঙ্করের ফাঁকি রয়েছে।" প্রধান উপদেষ্টা শনিবার জাতির উদ্দেশে ভাষণে জানান, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। উপজেলা নির্বাচন হবে দুই দফায় ২৪ ও ২৮ ডিসেম্বর। ইসির নিবন্ধনের শর্ত পূরণে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন কবে হবে- সাংবাদিকরা প্রশ্ন করলে সৈয়দ আশরাফ বলেন, "আমাদের সঙ্গে আলোচনা হয়েছে- যে সব পরিবর্তনের জন্য সম্মেলন করতে হবে, সেগুলো আপাতত কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের অনুমোদন নিয়ে করে ফেললে তা গ্রহণযোগ্য হবে।" নির্বাচনে আওয়ামী লীগ সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেবে জানিয়ে তিনি বলেন, "সৎ, যোগ্য এবং এলাকায় গ্রহণযোগ্য প্রার্থী আমাদের কাছে রয়েছে।" নির্বাচনী জোটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "শেখ হাসিনা দেশে ফেরার পরই মহাজোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করছি, মহাজোটের নেত্রী হিসাবেই তিনি নির্বাচনে অংশ নেবেন।" সংবাদ সম্মেলনের আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর বৈঠকটি সকাল ১১টা থেকে দুপুর পৌণে ১টা পর্যন্ত চলে। জিল্লুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৫১৯ ঘ.