২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদার ছেলে সাহদাবের ১২ বছরের সাজা

দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে সাহদাব আকবরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে সাহদাব আকবরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে। রোববার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক আবু হানিফ এ রায় দেন। সাহদাব আকবর পলাতক রয়েছেন। রায়ে বলা হয়েছে, তার আটক অথবা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে। এ ছাড়া আসামির অবৈধভাবে অর্জিত সমস্ত সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। ১২ বছরের কারাদণ্ডের মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছর এবং সম্পত্তির তথ্য গোপন করায় দুই বছরের সাজা দেওয়া হয় তাকে। গত ১৯ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা বাদী হয়ে সাহদাব ও তার স্ত্রী শাহনাজ খানের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন। অভিযোগ করা হয়, কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীর বাইরেও এক কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৩১২ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন সাহদাব। তবে এর তথ্য গোপন করেছেন তিনি। গত ৩১ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শাহনাজ খানকে অব্যাহতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৪৩০ ঘ.