মুন্সীগঞ্জ, সেপ্টম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে 'ওয়াদা ভঙ্গকারী' আখ্যায়িত করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের ওয়াদা করলেও এ সরকার তার পূরণ করতে পারেনি।
শুক্রবার সদর উপজেলার মিরকাদিমে 'প্রচেষ্টা বহুমুখী সমবায় সমিতি' আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, "বর্তমান সরকার ওয়াদা ভঙ্গকারী হিসেবে নিজেদের পরিচিত করেছে। তারা দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করার ওয়াদা করলেও আসলে কিছুই করতে পারেনি।"
তিনি বলেন, "একের পর এক দুর্নীতিবাজদের ছেড়ে দেওয়া হচ্ছে। চারদিকে দুর্নীতি সন্ত্রাস চলছেই। দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে হাঁটছে।"
আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের ওয়াদা নিয়েও বিকল্পধারা সভাপতি সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে জাতি তাদের (সরকার) কখনও ক্ষমা করবে না।"
বি চৌধুরী বলেন, "আমাদের দুর্ভাগ্য যে ঘুরেফিরে বারবারই দুঃশাসক আর চক্রান্তকারীদের হাতে ক্ষমতা চলে যায়।"
প্রচেষ্টা বহুমুখী সমবায় সমিতির সভাপতি শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মিরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু, বিকল্পধারা নেতা সাজু কামাল, জাহাঙ্গীর আলম বিপ্লব ও আসাদুজ্জামান বাচ্চু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২০৩৩ ঘ.
bdnews24