২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আজমকে আবার গ্রেপ্তারের প্রতিবাদ করেছেন আমু

জামিনে মুক্তি পাওয়ার পর যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে কারাফটক থেকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তৃতা করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 08:26 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পর যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে কারাফটক থেকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তৃতা করেন তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মির্জা আজমকে গত মঙ্গলবার জামিন দেয় হাইকোর্ট। কিন্তু জরুরি আইন ভাঙতে পারে এই আশঙ্কায় পল্টন থানায় দায়ের করা এক জিডির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জেল গেট থেকে তাকে আবারো আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আমির হোসেন আমু বলেন,"জনগণের কাছে এই অবস্থা গ্রহণযোগ্য নয়। আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে আইনের অপপ্রয়োগ করা হলে আগামীতে দেশের অবস্থা আরো খারাপ হবে।" প্রতিবাদ সভায় তিনি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তিও দাবি করেন। তিনি বলেন, "শুধু নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদেরও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।" আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করে আমু বলেন, "দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে এর জন্য সরকারই দায়ী থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/০২৩৩ ঘ.