ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি এসএম এমদাদুল হকের অবকাশকালীন বেঞ্চ মিগ-২৯ মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষেতে এই আদেশ দেয়।
পাশাপাশি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনকে কেন অবৈধ ও আইনগত ক্ষমতাবহির্ভুত ঘোষণা করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আদেশ দিয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ বুধবার রিট আবেদনটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করে।
এরপর শেখ হাসিনার কৌঁসুলিরা প্রধান বিচারপতির কাছে বিষয়টি জানালে তিনি বিচারপতি এএফএম আবদুর রহমানের নেতৃত্বের বেঞ্চে রিটটির শুনানি গ্রহণের জন্য পাঠিয়ে দেন।
আদেশের পর শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য হাইকোর্ট স্থগিত করে দিয়েছে।"
তিনি বলেন, "হাসিনার এখনো জামিন না পাওয়া ভাসমান বিদ্যুৎ কেন্দ্র, নাইকো ও নূর আলীর মামলায় আগামী রোববার জামিনের আবেদন জানানো হবে।"
শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারা অনুযায়ী কারো বিরুদ্ধে কোন মামলায় অভিযোগ গঠন করতে হলে তার উপস্থিতিতে তা করতে হয়। কারণ আইন অনুযায়ী ওই ব্যক্তির নির্দোষ দাবি করার সুযোগ দিতে হবে। কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে গত ২০ আগস্ট মিগ-২৯ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে।
তিনি আরও বলেন, বিশেষ জজ আদালতে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন না করার আবেদন জানিয়েছিলেন। তারা ওই আদালতে বলেছিলেন, সরকারের নির্বাহী নির্দেশে শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন।
ব্যারিস্টার শফিক বলেন, বিশেষ জজ আদালতও আওয়ামী লীগ সভানেত্রীর দেশের বাইরে অবস্থানের বিষয়ে অবহিত ছিলেন। কারণ ওই আদালতই শেখ হাসিনাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিল।
সরকার পক্ষে শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব বলেন, মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা নিয়ে শেখ হাসিনার দায়ের করা অপর একটি রিট আবেদন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তাই একই মামলার বৈধতা নিয়ে নতুন এই রিট আবেদন চলতে পারে না।
গত ১৪ সেপ্টেম্বর মিগ-২৯ মামলার অভিযোগ গঠনের বৈধতা নিয়ে শেখ হাসিনা রিটটি দায়ের করেছিলেন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় হাসিনাসহ পাঁচ জনকে আসামী করা হয়।
মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি করেছেন।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়।
মামলাটি বাতিলের শেখ হাসিনার দায়ের করা আবেদন গতবছর ৬ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলও গত ১৮ মার্চ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
নিু আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24