২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার

তৃতীয় দফা সংলাপ বর্জন করা বিএনপি এবং চার দলের শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে শনিবার সংলাপে বসবে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দফা সংলাপ বর্জন করা বিএনপি এবং চার দলের শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে শনিবার সংলাপে বসবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার দুপুরে বৃহস্পতিবারের কথা জানালেও পরে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, শনিবার ওই সংলাপ হবে। সিইসি এর আগে নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, "তৃতীয় দফা সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশনের আমন্ত্রণের পর বিএনপির জবাবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাড়ে ১২ টায় আলোচনায় বসার সময় নির্ধারণ করা হয়েছে। আজই (বুধবার) বিএনপিকে এই সময় জানানো হবে।" এ ছাড়া অন্য দুটি দল সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে চিঠি দিলে কমিশন তাদের সঙ্গেও একই দিনে আলোচনা সেরে ফেলতে চায় বলে জানান তিনি। এর পর বিএনপির সঙ্গে কথা বলে সংলাপের তারিখ পেছানোর সিদ্ধান্তের কথা জানান সিইসি। এর আগে এক প্রশ্নের জবাবে সিইসি সাংবাদিকদের বলেন, "অপর দুই দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গেও বসবো। তবে এর আগে ওদের আগ্রহের কথা চিঠি দিয়ে আমাদের জানাতে হবে।" এদিকে এর আগে দুপুর পৌনে একটার দিকেই জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। চিঠিতে আলোচনার জন্য একটি সুবিধাজনক সময় ও তারিখ চেয়েছিল দলটি। 'উদ্ভূত পরিস্থিতির কারণে' ৮ সেপ্টেম্বর তাদের পক্ষে সংলাপে বসা সম্ভব হয়নি উল্লেখ করে জামায়াতের চিঠিতে মঙ্গলবারের চারদলীয় জোটের বৈঠকের পরিপ্রেক্ষিতে গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ ও রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়। সাংবাদিকরা ওই চিঠির বিষয়টি সিইসি এটিএম শামসুল হুদাকে অবহিত করলে তিনি বলেন, "সেক্ষেত্রে তিনটি দলের সঙ্গে এক দিনেই কথা সেরে ফেলতে চাই।" এদিকে, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে তারাও বুধবার নির্বাচন কমিশনে চিঠি দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/এমআই/১৪২৮ ঘ.